২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিকে ফাইনালে দেখছেন মাথাউস

কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের খেলা দেখে আশাবাদী হয়ে উঠেছেন জার্মানির সাবেক তারকা লোথার মাথাউস। ব্রাজিলকে হারিয়ে জার্মানি ফাইনালে যেতে পারবে বলেই বিশ্বাস তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 01:36 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল ও জার্মানি। এই ম্যাচটি নিয়ে জার্মানির ১৯৯০ বিশ্বকাপ জয়ের অধিনায়ক মাথাউস কথা বলেন।

"কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল প্রথমার্ধেই শুধু ভালো খেলেছে। এ ছাড়া বেশি আমি কিছু দেখিনি।"

ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে শেষ আটে ২-১ গোলে জিতে সেমি-ফাইনালে উঠেছে ব্রাজিল। তবে সেমি-ফাইনালে তাদের এই কম ব্যবধানে জয় দুশ্চিন্তা নয়। চোটের কারণে নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন এবং চিয়াগো সিলভা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। এটাই ভাবাচ্ছে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিকে।

জার্মানিকে আরও একটি কারণে এগিয়ে রাখছেন দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাথাউস। আর সেটা কোনো যুক্তি নয়, দেশকে ভালোবাসা থেকে।

"আমি একজন দেশপ্রেমিক। আর এই কারণেই আমি বিশ্বাস করি, কম ব্যবধানে জিতলেও জিতবে জার্মানি।"