জার্মানির বিপক্ষেই 'ফাইনাল' ব্রাজিলের
বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের অভিযানের ছয় নম্বর ধাপে ব্রাজিলকে পেরোতে হবে জার্মান-বাধা। জার্মানির বিপক্ষে এই সেমি-ফাইনাল ম্যাচটিকেই 'ফাইনাল' মনে করছেন ব্রাজিলের খেলোয়াড়রা।
বেলো হরিজন্তেতে ব্রাজিল-জার্মানি সেমি-ফাইনালটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়। শুক্রবার কলম্বিয়াকে ২-১ গোলে হারানোর পরই এই ম্যাচ নিয়ে ভাবতে শুরু করে দেন ব্রাজিল দলের সদস্যরা।
হাল্কের কাছে এই ম্যাচটি ব্রাজিলের কাছে 'ফাইনাল'-এর চেয়ে কমকিছু নয়।
"এটা একটা ফাইনাল হবে। তবে আশা করছি মারকানায় (আসল ফাইনালে) যেতে পারব আমরা। প্রত্যেক ম্যাচই আসলে ফাইনাল। সহজ কোনো ম্যাচ নেই।"
বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো জার্মানির মুখোমুখি হওয়ার আগে সত্যিই একটু পিছিয়ে আছে স্বাগতিক ব্রাজিল। ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শুক্রবার পিঠে চোট পান নেইমার। এই বিশ্বকাপে আর খেলা হবে না বার্সেলোনা তারকার।
এ ছাড়া মহা-গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল পাচ্ছে না অধিনায়ক চিয়াগো সিলভাকে। দুই হলুদ কার্ড দেখার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। এই ডিফেন্ডারকে হারানোও কম ক্ষতির নয় ব্রাজিলের জন্য।
সব মিলিয়ে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারিও এই ম্যাচটিকে কঠিন বলেই মনে করছেন।
"আমরা যে পরিস্থিতিতে আছি, তা জার্মানি ম্যাচের জন্য একটু কঠিনই। কিন্তু আমাদের ভালো কিছু খেলোয়াড় আছে।"
ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইস এই ম্যাচটিকে 'ক্লাসিক'-এর মর্যাদা দিয়ে দিলেন।
"বড় এক ম্যাচ হবে এটি। বৈশ্বিক হিসেবে একটা ক্লাসিক এবং খুব কঠিন।"
এর আগে বিশ্বকাপে ব্রাজিল জার্মানির মুখোমুখি হয়েছিল ২০০২ সালের ফাইনালে। রোনালদোর জোড়া গোলে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ শিরোপা জেতে স্কলারির দল।
