উড়ন্ত ডাচে ইতি কোস্টা রিকা রূপকথার?
ফুটবল রূপকথার একেকটি নতুন অধ্যায় লিখে চলেছে দলটি। সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে, এরপর দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকার-বাধা টপকে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে উঠে। কিন্তু সব রূপকথারই তো একটা শেষ আছে। কোস্টা রিকার বিজয়রথ যে ছুটতে ছুটতে ট্রফির গন্তব্যে পৌঁছে যাবে - এটা দুরাশাই।
বাংলাদেশ সময় শনিবার রাত দুইটায় শুরু হওয়া এই ম্যাচে সম্ভাবনার পাল্লাটা সেদিকেই প্রবলভাবে হেলে। কোয়ার্টার-ফাইনালের চার দ্বৈরথের মধ্যে কোনটির আবহে সালভাদরের ফন্তে নোভা অ্যারেনার মতো এমন একপেশে লড়াইয়ের পূর্বাভাস নেই। বিশ্বকাপে এখন পর্যন্ত ১২ গোল দেওয়া ডাচদের সামনে আজ কোস্টা রিকা পাত্তা পাবে না- এই ভাবনার পালেই এখন জোর হাওয়া।
কোথাও না কোথাও কোস্টা রিকার থামতে হবে তা নয়, নেদারল্যান্ডসের দক্ষতা-সামর্থ্যও এর বড় প্রভাবক। বিশেষত ডাচদের ফরোয়ার্ড লাইন যে এই বিশ্বকাপেই অন্যতম ভয়ঙ্কর! রবিন ফন পের্সি, আরিয়েন রবেনরা স্পেনকে ৫-১ গোলে হারিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধ্রুপদী ম্যাচেও জিতেছে, জয় পেতে অসুবিধা হয়নি চিলির বিপক্ষেও। এরপর দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়েছিল তাদের। ০-১ গোলে পিছিয়ে থেকেও নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে সমতাসূচক ও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল করে শেষ হাসি নেদারল্যান্ডসেরই। এই দলটির জয়রথ থামানো কি চাট্টিখানি কথা।
অবশ্য কোস্টা রিকার এখন পর্যন্ত অর্জনও চাট্টিখানি ব্যাপার নয়। ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ডের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। গ্রিসের বিপক্ষে টাইব্রেকারে জিতে এসেছে শেষ আটে। হলই-বা ফর্মের শিখরে থাকা নেদারল্যান্ডস সেখানে তাদের প্রতিপক্ষ। কিন্তু সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের বাধা যারা টপকে এসেছে, তিনবারের রানার্সআপের সামনে পড়ে তারা ভড়কাবে কেন!
কোস্টা রিকার প্লে-মেকার ব্রায়ান রুইসের কণ্ঠে তাই এগিয়ে যাওয়ার প্রত্যয়, “এই ম্যাচটি আমাদের জন্য ফাইনালের মতো। এখানে আমরা থেমে যেতে চাই না। নেদারল্যান্ডস নিঃসন্দেহে ভালো দল। তবু ওদের হারানোর ভালো সুযোগ আছে আমাদের।”
ডাচ ফরোয়ার্ড রবেনও সতর্ক কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নিয়ে, “কোস্টারিকার দলটি সত্যি ভালো। কঠিন এক গ্রুপে থেকে নকআউট পর্বে এসে সেটি তারা এরই মধ্যে প্রমাণ করেছে। ওদের হারাতে হলে আমাদের তাই পূর্ণ প্রস্তুতি নিতে হবে।”
প্রস্তুতিতে বড় একটা ঘাটতি অবশ্য ডাচদের রয়েই যাবে। ইনজুরির কারণে ডিফেন্সিভ মিডফিল্ডার নাইজেল ডি ইয়োংয়ের বিশ্বকাপ যে শেষ! তার শূন্যতা পূরণে কোচ লুই ফন গাল কোন কৌশল নেবেন, সেটি এখনো পরিষ্কার না।
আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় কোস্টা রিকার একাদশে আজ থাকছেন না ডিফেন্ডার অস্কার দুয়ার্তে। গোলরক্ষক কেইয়ালর নাভাসও ভুগছেন চোটে। তবে শেষ পর্যন্ত গোলবারের নিচে দাঁড়াবেন তিনিই।
দুল দুটি কখনো কোনো পর্যায়েই পরস্পরের মুখোমুখি হয়নি। এ কারণে ইতিহাসের অনুপ্রেরণা কিংবা পিছু টেনে ধরা কোনটিই আজ থাকছে না নেদারল্যান্ডস-কোস্টা রিকার। থাকছে শুধু সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
কেউ ভাবেনি এই বিশ্বকাপে কোস্টা রিকা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসবে। এখন যেমন প্রায় কেউই ভাবছে না, এখানে নেদারল্যান্ডস বাধা টপকে সেমি-ফাইনালে যেতে পারবে তারা। আগের ভাবনাগুলো ভুল প্রমাণ করতে পারলে আজ কেন তা আরেক দফা পারবে না কোস্টা রিকা!
