কোস্টা রিকার রবেনভীতি
কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে সাবেক দুই চ্যাম্পিয়নকে হারিয়ে এসেছে তারা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে একটু যেন ভয় কাজ করছে কোস্টা রিকার কোচ হোর্হে লুইস পিন্তোর মনে। সবচেয়ে বড় ভয়টা আবার ডাচ উইঙ্গার আরিয়েন রবেনকে নিয়ে।
সালভাদরের আরেনা ফন্তে নোভায় শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কোস্টা রিকা। এই ম্যাচের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোস্টা রিকার কোচ তার দলের হুমকি রবেনকে নিয়ে কথা বলেন।
"ফুটবল কিভাবে খেলতে হয়, এটা যারা শিখতে চায়; তাদের সবার জন্যই সে (রবেন) আদর্শ এক উইঙ্গার। ক্যারিয়ারের চূড়ায় আছে সে, যে কোনো দলের জন্য সে দু:স্বপ্ন।"
ব্রাজিল বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে আছেন রবেন। প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়ে ৪ ম্যাচে ৩টি গোল করেন রবেন। দুর্দান্ত গতিময় দৌড় আর বল নিয়ন্ত্রণের অসাধারণ ক্ষমতা রবেনকে অনন্য করে তুলেছে।
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে রবেনের এনে দেয়া পেনাল্টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। শেষ আটের ম্যাচের আগে পিন্তোর জন্য ভয়ানক এক দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছেন ডাচ এই উইঙ্গার।
"অবশ্যই পুরো ডাচ দল তাকে সাহায্য করে। তবে তার আক্রমণ আর গোলগুলো দেখলে কোনো সন্দেহ ছাড়াই এই বিশ্বকাপের তিন অথবা চারজন খেলোয়াড়ের একজন বলতে হবে তাকে।"
রবেন আর নেদারল্যান্ডসে কিভাবে থামানো যায় তা নিয়ে ভাবছেন পিন্তো। গ্রুপ পর্বে চিলি আর শেষ ষোলোতে মেক্সিকো, নেদারল্যান্ডসের এই দুটি ম্যাচ খুব ভালো করে পর্যবেক্ষণ করছেন তিনি।
"মেক্সিকো একটু বেশি রক্ষণাত্মক খেলেছে। চিলি একটু আক্রমণাত্মক ছিল, কিন্তু বেশি জায়গা দিয়ে দিয়েছিল এবং ডাচরা জায়গা পেলে ভয়ঙ্কর এক সদল হয়ে ওঠে।"
