ব্রেহমার 'ফেভারিট' নেদারল্যান্ডস, ফ্রান্স
ক্যারিয়ার জুড়ে তার অর্জন বড় কম নয়। আন্ড্রিয়াস ব্রেহমাকে তবু সবাই মনে রেখেছেন ১৯৯০ বিশ্বকাপ ফাইনালের গোলটির কারণে। পেনাল্টি থেকে করা এই ডিফেন্ডারের একমাত্র গোলেই যে পশ্চিম জার্মানি হারিয়েছিল আর্জেন্টিনাকে।
বিশ্বকাপে জার্মানরা যেবার সর্বশেষ ফ্রান্সকে হারায়, সেই ম্যাচেও কিন্তু ছিলেন ব্রেহমা। এবারের কোয়ার্টার-ফাইনালে এই দুটি দল মুখোমুখি হওয়ায় ফিফা ডটকম কথা বলেছে জার্মান কিংবদন্তির সঙ্গে। সেখানে সর্বশেষ সেই ধ্রুপদী লড়াই, সামনের কোয়ার্টার-ফাইনাল এবং সামগ্রিকভাবে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে আলোচনা করেছেন ব্রেহমা।
প্রশ্ন: এই বিশ্বকাপ কি মনোযোগ দিয়ে দেখছেন?
ব্রেহমা: অবশ্যই! আমি সর্বান্তকরণে একজন ফুটবলার। এই জাতীয় টুর্নামেন্ট নিজে খেলে উপভোগ করেছি। সে কারণে বিশ্বকাপ মনোযোগ দিয়ে অনুসরণ করাটাই স্বাভাবিক।
প্রশ্ন: কোন দলের খেলা সবচেয়ে ভালো লাগল?
ব্রেহমা: সত্যি বলব? নেদারল্যান্ডস। শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে তাদের কিছু ঝামেলা পোহাতে হয়েছে। কিন্তু এছাড়া তাদের খেলার ধরন ও কাঠামোটা একেবারে স্বচ্ছ্ব। ফ্রান্সের খেলাও আমার কাছে ভালো লেগেছে। এই ফ্রান্সকে যদি হারাতে হয়, তাহলে জার্মানিকে তাদের খেলার ১০০ শতাংশ উন্নতি করতে হবে।
প্রশ্ন: তার মানে, জার্মানিকে নিয়ে আপনি পুরোপুরি আশ্বস্ত নন?
ব্রেহমা: আমি তা বলিনি। আমাদের দল যে খুব খারাপ খেলছে, তা কিন্তু না। যোগ্যতা দিয়েই কোয়ার্টার-ফাইনালে এসেছে তারা। কিন্তু সেখানে আলজেরিয়ার বিপক্ষে যেমন খেলেছে, অমনটা খেললে ফ্রান্স আমাদের নিশ্চিতভাবেই হারিয়ে দেবে। ওরা ভিন্ন সামর্থ্যের প্রতিপক্ষ।
প্রশ্ন: এর অর্থ কি এই যে, ম্যাচটি জয়ের জন্য আপনার দৃষ্টিতে ফ্রান্স ফেভারিট?
ব্রেহমা: না। কারণ আমাদের দল জানে যে, খুব গুরুত্বপূর্ণ সময় এটি। আর টুর্নামেন্টের অমনসব সময়ে জার্মানি সবসময় ভালো করে। আমি তাই নিশ্চিত, ছেলেরা দারুণ পারফরম করার জন্য মুখিয়ে আছে। আর সব জার্মান ফুটবলার সবসময় জানে, কখন জ্বলে উঠতে হয়।
প্রশ্ন: বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জার্মানির সর্বশেষ জয়টি আপনার মনে আছে?
ব্রেহমা: অবশ্যই, সেটি ছিল ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে। ফ্রান্সের ওই দলটি ছিল ভীষণ শক্তিশালী। বিশেষত তাদের মিডফিল্ড। সেখানে মিশেল প্লাতিনি, লুই ফের্নান্দেস, ইয়ানিক স্তোপিরা, ব্রুনো, বেলোনেদের মতো দুর্দান্ত সব ফুটবলার। ভাগ্য ভালো যে, আমরা ওদের ২-০ গোলে হারাতে পেরেছিলাম।
প্রশ্ন: এবং আপনি সেই ম্যাচে মহাগুরুত্বপূর্ণ প্রথম গোলটি করেছিলেন ম্যাচের নবম মিনিটেই...
ব্রেহমা: এখনো সেটি আমার খুব ভালোভাবে মনে আছে। পেনাল্টি বক্সের ডান কোণায় আমরা ফ্রি-কিক পাই। ফেলিক্স ম্যাগাথ পাস দেয় আমাকে এবং আমার নীচু শটটি ডান প্রান্ত দিয়ে জড়িয়ে যায় জালে। অবশ্য ফরাসি গোলরক্ষক জোয়েল বাতসের তাতে আরেকটু ভালো করা উচিত ছিল।
প্রশ্ন: জার্মানি-ফ্রান্স ম্যাচের বৈশিষ্ট্য আসলে কী?
ব্রেহমা: এই জাতীয় ম্যাচ সবসময়ই ধ্রুপদী। জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, ইংল্যান্ডের মতে ইউরোপিয়ান পরাশক্তিরা যখন বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি হয়, সেটি সবসময় বিশেষ কিছু। খেলোয়াড়রাও সেটি জানে। এই রকম ম্যাচ মানুষের স্মৃতিতে অনেকদিন থেকে যায়। খেলোয়াড় হিসেবে আপনি সেটি অবশ্যই জানবেন।
প্রশ্ন: এবারের জার্মানি-ফ্রান্স দ্বৈরথে কী ধরনের ম্যাচের আশা করছেন?
প্রশ্ন: ব্রাজিল বিশ্বকাপে সেরা খেলোয়াড়দের সেই তালিকায় আর কাকে কাকে রাখবেন?
ব্রেহমা: কঠিন প্রশ্ন, কেননা অনেকেই তো আছে। নেদারল্যান্ডসের মেমফিস ডিপাইকে আমার দারুণ লেগেছে। আরিয়েন রবেনও তুখোড় ফর্মে। কলম্বিয়ার হামেস রদ্রিগেসের নামটা যোগ করতে হয়। টুর্নামেন্ট শুরুর আগে ওর কথা আলাদা করে ভাবেনি কেউ। সত্যি দুর্দান্ত এক ফুটবলার।
প্রশ্ন: শেষ করার আগে বলবেন, শিরোপা জয়ের জন্য আপনার দৃষ্টিতে কোন দল ফেভারিট?
ব্রেহমা: এই বিশ্বকাপের প্রেক্ষিতে সেটি বলা মুশকিল। কেননা কোনো দলই নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারছে না। আগে যেমনটা বললাম, নেদারল্যান্ড ও ফ্রান্সের খেলা দেখে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি। তাদের সঙ্গে জার্মানিকে সম্ভাবনায় রাখতে হবে। বাতিল করে দিতে পারবেন না ব্রাজিলকেও। কারণ, ব্যক্তিগত ক্যারিশমার দারুণ সব ফুটবলার আছে ওদের। তার উপর স্বাগতিক হিসেবে প্রবল দর্শক সমর্থন পাচ্ছে। আর্জেন্টিনার রক্ষণভাগ নড়বড়ে কিন্তু আক্রমণভাগ আবার অবিশ্বাস্য। এসব কারণেই আমার মনে হচ্ছে, আরো অনেক রোমাঞ্চকর ম্যাচ দেখবে বিশ্বকাপ।
