২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইটা নেইমার বনাম রদ্রিগেসেরও

লড়াইটা ব্রাজিল-কলম্বিয়ার, কিন্তু দ্বৈরথটা কি নেইমার আর হামেস রদ্রিগেসের মধ্যেও নয়? লাতিন আমেরিকার দুই দলের কোয়ার্টার-ফাইনালের আগে আছে এমন আরো কয়েকটি দ্বৈরথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 07:07 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

নেইমার বনাম হামেস রদ্রিগেস

লড়াইয়ের ভেতর এই লড়াইটাই কি ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ভাগ্য গড়ে দেবে? এ নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে নেইমার-হামেস রদ্রিগেসের দ্বৈরথটা যে ম্যাচের আবহে সবচেয়ে আকর্ষণীয়- এটি তর্কাতীত!

দুইজনের বয়সই সমান ২২ বছর, দুই জনই এই বিশ্বকাপের তারকা। আজকের লড়াইয়ে তাদের মধ্যে যে সেরা ফর্মে থাকতে পারবেন, তার দলের সফল হওয়ার সম্ভাবনা প্রবল। এটি একেবারে সহজ সমীকরণ।

এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলো হিসেবে নিলে, দুই জনের মধ্যে রদ্রিগেস হয়তো কিছুটা এগিয়ে থাকবেন। তবে নেইমারও কিন্তু ব্রাজিলের প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন বারবার।

মাঠের দুই প্রান্তে এই দুই জনের লড়াই দেখাটা হবে দারুণ ব্যাপার। আজকে যেই জিতুক বা হারুক, সামনের কয়েক বছরে বিশ্ব ফুটবলে নেইমার-রদ্রিগেস দুই জনই আলো ছড়াবেন নিঃসন্দেহে।

দানি আলভেস বনাম পাবলো আরমেরো

দুই দলের কৌশল পর্যালোচনায় একটি পূর্বানুমান করাই যায়। ব্রাজিল-কলম্বিয়ার দ্বৈরথের জয়-পরাজয় হয়তো নির্ধারিত হবে দুই উইংয়ে। যে কারণে দুই দলের জোড়া উইংব্যাকের ভূমিকা হয়ে উঠতে পারে মহাগুরুত্বপূর্ণ।

এমন এক লড়াইয়ে নাপোলিতে খেলা পাবলো আরমেরোকে আজ দেখা যাবে বার্সেলোনার দানি আলভেসের বিপক্ষে। প্রথম জন চলতি টুর্নামেন্টের সেরা ফুলব্যাকদের মধ্যে থাকবেন। আর পরের জন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে মরছেন মরিয়া হয়ে।

গত তিন সপ্তাহ ধরেই নিরন্তর ভুগে চলেছেন আলভেস। ‘আউট অব পজিশন’ হয়ে যাচ্ছেন বড্ড বেশি আর ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও তাকে ছিটকে বারবার বেরিয়ে যাচ্ছে প্রতিপক্ষ। অফুরান দম ও তুখোড় গতির আরমেরোর বিপক্ষে আজ তাই আলভেসকে আরো সতর্ক হতে হবে।

মার্সেলো বনাম কামিলো সুনিগা

অন্য প্রান্তে আরো দুই আক্রমণাত্মক ফুলব্যাক মুখোমুখি হবেন পরষ্পরের। মার্র্সেলো বনাম কামিলো সুনিগা।

কলম্বিয়ার সুনিগা ভালো ফুল ব্যাক। রক্ষণে যেমন, তেমনি আক্রমণেও দক্ষ। কিন্তু একেবারে বিশ্বজয়ী দুর্দান্ত ফুটবলার তাকে বলা যাবে না কোনভাবে।

ওদিকে মার্সেলোর কিন্তু সামর্থ্য আছে ব্রাজিলের পক্ষে সত্যিকারের ম্যাচ উইনার হওয়ার। এই বিশ্বকাপে তার পারফরম্যান্স প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। কিন্তু মার্সেলোর যে দক্ষতা, তাতে এই খারাপ সময় দীর্ঘায়িত হওয়ার কোনো কারণ নেই।

আজ যদি রিয়াল মাদ্রিদের তারকা বিস্ফোরণ ঘটাতে পারেন, তাহলে ব্রাজিলের বিশ্বকাপ সাফল্যে বড় এক ভূমিকা রাখতে পারেন মার্সেলো। কলম্বিয়ার বিপক্ষে সেই শুরুটা হলে তা লুই ফেলিপে স্কলারির দলের জন্য হবে দারুণ ব্যাপার।

ফের্নান্দিনিয়ো বনাম কার্লোস সানচেস

বহিষ্কার আদেশের কারণে ব্রাজিলের লুইজ গুস্তাভো থাকছেন না এই ম্যাচে। মাঝমাঠ দখলের লড়াইটা তাই আবর্তিত হতে পারে ফের্নান্দিনিয়ো ও কার্লোস সানচেসের পারফরম্যান্সের উপর।

ফের্নান্দিনিয়ো সহজাত ডিফেন্সিভ মিডফিল্ডার না। কিন্তু ক্লাব দল ম্যানচেস্টার সিটিতে এই ভূমিকায় অনেকবার খেলেছেন তিনি। পেয়েছেন সাফল্যও।

অন্য দিকে সানচেস হয়তো বিশ্ব ফুটবলের বড় নাম না। কিন্তু দেশের জন্য তাঁর খেলাটা খুব গুরুত্বপূর্ণ। ২০১৪ বিশ্বকাপে এখন পর্যন্ত অসাধারণ খেলেছেন তিনি।

দুই দলই চাইবে মাঝমাঠে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে। চাইবে প্রতিপক্ষকে ভুল করাতে বাধ্য করতে। ফের্নান্দিনিয়ো-সানচেসের মধ্যে ম্যাচে যার শুরুটা ভালো হবে, ম্যাচে তার ও তার দলের ভালো করার সম্ভাবনাও তত বাড়বে।

ফ্রেদ বনাম জ্যাকসন মার্তিনেস

স্ট্রাইকারদের লড়াই! দুই জনের কেউই এখনো তাদের সামর্থ্যেরে পূর্ণ প্রতিফলন রাখতে পারেননি বিশ্বকাপে। তারপরও এটি বলা বোধহয় নিরাপদ যে, ব্রাজিলিয়ান ফ্রেদের চেয়ে কলম্বিয়ান জ্যাকসন মার্তিনেসের টুর্নামেন্টটি এখন পর্যন্ত ভালো গিয়েছে।

তবে গত বছরের কনফেডারেশনস কাপে একটা ব্যাপার দেখিয়েছিলেন ফ্রেদ। হঠাৎ করে নাটকীয়ভাবে তাঁর ফর্মের উন্নতি হতে পারে। যখন তিনি আত্মবিশ্বাসী থাকেন, তখন এই ব্রাজিলিয়ান কিন্তু দুর্দান্ত এক গোলস্কোরার। অবশ্য ভালো ভালো পাস তাকে পেতে হবে।

ফ্রেদ-মার্তিনেসের খেলার ধরনেও মিল আছে। পেনাল্টি এরিয়ার ভেতরে এবং আশে-পাশে তারা দুর্দান্ত। এই স্বস্তির জায়গা থেকে তাদের টেনে সরিয়ে নেওয়া হলে দুই জনের কেউই আর তেমন কার্যকর থাকেন না।

কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে গোলের জন্য তাদের নামতে হচ্ছে জমাট রক্ষণভাগের বিপক্ষে। ফ্রেদ লড়বেন অভিজ্ঞ মারিও ইয়েপেস ও চনমনে ক্রিস্তিয়ান সাপাতের বিপক্ষে। আর মার্তিনসকে যুদ্ধ করতে হবে বিচক্ষণ চিয়াগো সিলভা ও চটপটে দাভিদ লুইসের বিপক্ষে। এদের পেরিয়ে গোলের পথ খুঁজে বের করাই দুই দলের মূল দুই স্ট্রাইকারের কাজ।