জার্মানি-ফ্রান্স: লড়াইয়ের ভেতর লড়াই
লড়াইটা জার্মানি-ফ্রান্সের। কিন্তু লড়াইয়ের ভেতরও তো অনেক লড়াই থাকে। সেগুলোই আসলে গড়ে দেয় যুদ্ধের গতিপথ।
টমাস মুলার বনাম রাফায়েল ভারানে
চার বছর আগে বিশ্বকাপে টমাস মুলারের অভিষেক আসরটা ছিল দুর্দান্ত। তার গোলগুলো জার্মানিকে সেমি-ফাইনাল পর্যন্ত যেতে সাহায্য করেছিল খুব। সেখানে তারা ০-১ গোলে হারে স্পেনের কাছে, পরে যারা হয় চ্যাম্পিয়ন।
২০১০ সালের কোয়ার্টার-ফাইনালে মুলার দ্রুত গোল করে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানিকে এগিয়ে নেন ১-০ গোলে। দিয়েগো মারাদোনার দল ওই ধাক্কা সামলাতে পারেনি। শেষ পর্যন্ত হারে তারা ০-৪ ব্যবধানে।
সেটি ছিল টুর্নামেন্টে মুলারের পঞ্চম ও সর্বশেষ গোলে। সঙ্গে গোলে সহায়তা মিলিয়ে গোল্ডেন বুট জয়ের জন্য তা যথেষ্ট বলে প্রমাণিত হয়।
এবার নামের পাশে চার গোল নিয়ে মুলার খেলতে নামছেন কোয়ার্টার-ফাইনাল। আর দক্ষিণ আফ্রিকার চেয়ে ব্রাজিলে তাকে লাগছে আরো অদম্য।
এই মুলারের বিপক্ষে ফ্রান্স রক্ষণভাগকে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। বিশ্বকাপ খেলতে আসার আগে দুই সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানে ও মামুদো শাকোর ইনজুরি সমস্যা ছিল। গত কয়েক সপ্তাহেও বেশ ধকল গেছে তাদের উপর দিয়ে।
সোমবার ভারানেকে স্থানীয় হাসপাতালে যেতে হয় শরীরে পানিশূন্যতার কারণে। মঙ্গলবার অবশ্য দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
এমনিতে ডিফেন্ডারদের সেরা সময়েও ফর্মে থাকা স্ট্রাইকারের মুখোমুখি হওয়াটা খুব কঠিন। সেখানে যদি ভারানের সামর্থ্যের চূড়ায় থাকা নিয়ে কোনো সংশয় থাকে, তাহলে সেটি জার্মানদের দিকে ম্যাচটি ঝুঁকিয়ে দিতে কাজ করবে।
সামর্থ্যের তুঙ্গে থাকলে ভারানে বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার। বয়সের অনুপাতে ভারানের ম্যাচ পড়তে পারার ক্ষমতা অবিশ্বাস্যরকম ভালো। আবার দ্রুততগতির স্ট্রাইকারের বিপক্ষেও যেন সবসময় এক ধাপ এগিয়ে থাকেন তিনি। এবার তার সামনে বড় পরীক্ষা জার্মানি। মুলারের বুদ্ধিদীপ্ততা ও মুভমেন্টের বিপক্ষে লড়তে হবে ফরাসি ডিফেন্ডারকে।
যদি সামর্থ্যের শতভাগ দিয়ে ভারানে খেলতে পারেন, তাহলে মুলারকে থামানোর যোগ্যতা অবশ্যই তার আছে।
বাস্টিয়ান শোয়াইনস্টাইগার বনাম পল পগবা
ইউরোপের অন্যতম অভিজ্ঞ ও সফল মিডফিল্ডারের লড়াই তরুণ ও উদীয়মান তারকার সঙ্গে, যিনি তার সিংহাসন কেড়ে নিতে প্রস্তুত। বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের সঙ্গে পল পগবার মধ্যমাঠের লড়াই এই কোয়ার্টার-ফাইনালের আকর্ষণীয় এক দ্বৈরথ।
হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচে খুব ভালো খেলতে পারেননি পগবা। ইকুয়েডরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে তিনি আর মাঠে নামেননি। তত দিনে ফ্রান্সের দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যপূরণ হয়ে গেছে প্রায়। খেলাটিতে তাই ফরাসিরা তেড়েফুড়ে ঝাঁপিয়ে পড়েনি।
তবে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়ার বিপক্ষে যখন প্রয়োজন পড়ল, ফ্রান্সকে মাঝমাঠ থেকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন পগবা। হ্যাঁ, কিছু ভুল তিনি করছিলেন, যে কারণে কয়েকটি প্রতিশ্রুতিশীল আক্রমণ দানা বেঁধে উঠতে পারেনি। কিন্তু তারপরও বল পায়ে নিয়ে নাইজেরিয়ার রক্ষণভাগে আক্রমণ করে গেছেন পগবা। ব্রাজিলিয়ার উত্তাপ পাত্তা না দিয়ে ছিলেন অদম্য। পরে খেলার শেষ দিকে ফ্রান্সের মহাগুরুত্বপূর্ণ প্রথম গোলটি কিন্তু করেছেন এই মিডফিল্ডারই।
তবে প্রতিপক্ষকে অতিরিক্ত সম্মান দেখানো পগবার চরিত্রে নেই। নিজের সামর্থ্য সম্পর্কে তার ভালোই জানা, জানেন কতোটা ভালো হওয়ার ক্ষমতা নিজের রয়েছে। গ্রুপ পর্ব তার জন্য ছিল গা গরমের। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের চ্যালেঞ্জ জ্বলে ওঠার।
তারুণ্য বনাম অভিজ্ঞতা। ধূর্ততা বনাম বুদ্ধিদীপ্ততা। শোয়াইনস্টাইগার বনাম পগবা। এটি হতে যাচ্ছে সত্যি দুর্দান্ত এক দ্বৈরথ।
ফিলিপ লাম বনাম আন্তোয়ান গ্রিজমান
আন্তোয়ান গ্রিজমান জার্মানির বিপক্ষে প্রথম একাদশে থাকছেনই, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে নাইজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে শেষ আধ ঘণ্টায় যে দারুণ পারফর্ম করেছেন, তাতে কোচ দিদিয়ে দেশমের তাকে শুরু থেকেই খেলানোর কথা। দ্বিতীয় রাউন্ডের ওই ম্যাচে গ্রিজমান মাঠে নেমেই তো খেলাটি বদলে দিয়েছিলেন!
বিশ্বকাপে এখন পর্যন্ত জার্মানি তাদের সেন্টার ব্যাকদেরই খেলাচ্ছে ফুলব্যাক হিসেবে। যদি মাটস হুমেলস খেলার মতো উপযূক্ত না হয়ে উঠতে পারেন, তাহলে রাইট ফুলব্যাক হিসেবে জেরোম বোয়াটেংই খেলবেন। তার বিপক্ষে গ্রিজমানকে নামিয়ে দেওয়ার কথা দেশমের বিবেচনায় থাকবে ভালোভাবেই। তবে শুরু থেকে তিনি সেটি করবেন নাকি জমিয়ে রাখবেন শেষ আধঘণ্টার জন্য- সেটি দেখার বিষয়। যেভাবে হোক, ২৩ বছরের গ্রিজমান মাঠে নামবেন এবং ম্যাচে ভালোই প্রভাব রাখবেন।
জার্মান কোচ ইওয়াখিম লুভ বিশ্বকাপে ফিলিপ লামকে খেলাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। তবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য তিনি অধিনায়ককে রাইটব্যাক পজিশনে ফিরিয়ে আনতে পারেন। ওই পজিশনে লাম যে বিশ্বের অন্যতম সেরা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ফরাসিদের জন্য একটি সুখের খবর এই যে, ফুলব্যাক পজিশনে গত কিছু দিন ধরে তিনি নিয়মিত নন। ওই পজিশনে ফেরত গেলে গতিশীল ও সাহসী গ্রিজমানের বিপক্ষে লামের কিছু অস্বস্তি হওয়া অস্বাভাবিক না।
