ফ্লুতে আক্রান্ত জার্মানির সাত ফুটবলার
অসুস্থতা কাটিয়ে ডিফেন্ডার মাটস হুমেলস ও আর চোট কাটিয়ে উইঙ্গার লুকাস পোডলস্কি অনুশীলনে ফিরলেও দুশ্চিন্তা কাটেনি জার্মানি দলের। তিনবারের চ্যাম্পিয়নদের সাতজন খেলোয়াড় ফ্লুতে আক্রান্ত হয়েছেন। তবে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে এটা কোনো সমস্যা হবে না বলে মনে করেন দলটির কোচ ইওয়াখিম লুভ।
ফ্লুতে আক্রান্ত সাতজন খেলোয়াড়ের বিষয়ে কোচ লুভ বলেন, “এই মুহূর্তে (তাদের অবস্থা) খুব একটা খারাপ নয়।”
যাতায়াত ও তাপমাত্রার পার্থক্যের কারণেই খেলোয়াড়েরা অসুস্থ হয়েছে বলে ধারণা ৫৪ বছর বয়সী এই কোচের।
“এই ব্যাপারটা নিয়ে আমি কোনো নাটক তৈরি করতে চাই না। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
অসুস্থ সাত খেলোয়াড়ের নাম জানাননি জার্মানির কোচ।
শুক্রবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ও তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।
