চাপমুক্ত লুকাকু
বিশ্বকাপে তেমন কিছু করতে না পারায় বেশ চাপে ছিলেন রোমেলু লুকাকু। তবে এবার হাঁফ ছাড়তে পারেন চেলসি থেকে এভারটনে ধারে খেলতে যাওয়া এই ফরোয়ার্ড। দলকে কোয়ার্টার-ফাইনালে তুলে আনায় বড় অবদান রাখা লুকাকুর মুখে ফুটে উঠেছে চাপমুক্ত হওয়ার আনন্দ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোলশূন্য নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে লুকাকু নামার পরই বেলজিয়ামের চেহারা পাল্টে যায়। ম্যাচের ফলেও যার প্রভাব ছিল যথেষ্ট।
বেলজিয়ামকে এগিয়ে দেয়া কেভিন ডি ব্রুইনের গোলে অবদান রাখার পর ব্যবধান দ্বিগুণ করা গোলটি নিজেই করেন লুকাকু। পরে যুক্তরাষ্ট্রের জুলিয়ান গ্রিন ব্যবধান কমালে ম্যাচ শেষে লুকাকুর গোলটিই হয়ে যায় জয়সূচক গোল।
লুকাকু বলেন, “মাঠে আমার প্রথম দৌড়েই একটা বড় সুযোগ এসেছিল। ওই মুহূর্তে আমি খুব খুশি ছিলাম কারণ একবারের জন্য হলেও মাঠে আমি ভালো কিছু করেছি।”
“হয়তো নিজেকে আমি অনেক বেশি চাপে রেখেছিলাম। আমি শুধু দলের জয় চেয়েছিলাম আর (টুর্নামেন্টে) টিকে থাকতে চেয়েছিলাম।”
