শিষ্যদের প্রচেষ্টায় সন্তুষ্ট কেশি
প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত পারেনি নাইজেরিয়া, আবারো দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছে তারা। তারপরও এর মাঝেই নতুন দিনের সূচনা দেখছে আফ্রিকার চ্যাম্পিয়নরা।
সোমবার ব্রাজিলিয়ায় ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে নাইজেরিয়ার কোচ স্টিভেন কেশি বলেন, “আমার মনে হয়, আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি কিন্তু দুর্ভাগ্যের কারণেই শেষ পর্যন্ত হেরে গেছি।”
কেশি মনে করেন, হয়ত অভিজ্ঞতার অভাব আর লক্ষ্যে মনোযোগ ঠিক রাখতে না পারার কারণে হারতে হয়েছে নাইজেরিয়াকে।
নতুন দিনের প্রত্যাশায় ফরোয়ার্ড ভিক্তর মোজেস বলেন, “এটা তরুণ একটা দল কিন্তু দলটির ভবিষ্যত ভালো।”
সোমবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নাইজেরিয়া। একের পর এক আক্রমণে ফরাসী রক্ষণকে ভালোই ব্যস্ত রাখে তারা।
তারপর ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়ালেও ৭৯তম মিনিট পর্যন্ত তাদের ঠেকিয়ে রেখেছিল ‘সুপার ঈগল’রা। কিন্তু এরপরই পল পগবার হেড আর যোগ করা সময়ে জোসেফ ইয়োবোর আত্মঘাতী গোলে বিদায় নিশ্চিত হয়ে যায় নাইজেরিয়ার।
তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেরা ষোলো থেকে বিদায় নিল নাইজেরিয়া। এর আগে ১৯৯৪ ও ১৯৯৮ সালেও দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছিল তারা।
