২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি চমক দিতে প্রস্তুত কোস্টা রিকা

তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে পা রাখা কোস্টা রিকা শেষ ষোলোর লড়াইয়ে হারিয়েছে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন গ্রিসকে। শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষেও চমক দেখাতে চান কোস্টা রিকার গোলরক্ষক কেইলর নাভাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 11:31 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার গ্রিসের বিপক্ষে টাইব্রেকারে লেভান্তের সাবেক সতীর্থ থিওফানিস গেকাসের শট ঠেকিয়ে কোস্টা রিকাকে প্রথমবারের মতো শেষ আটে পৌঁছে দেন নাভাস। ১২০ মিনিট ১-১ গোলে সমতা থাকা ওই ম্যাচে প্রায় এক ঘণ্টা দশ জন নিয়ে খেলেছিল মধ্য আমেরিকার দেশটি।

শনিবার সালভাদরে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কোস্টা রিকা। মৃত্যুকূপ ‘ডি’ গ্রুপে দুই সাবেক চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়েকে হারানো কোস্টা রিকা আরেকটি চমকের জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান নাভাস।

“নেদারল্যান্ডস দারুণ একটি দল এবং বিশ্বের সবচেয়ে বড় দলগুলোর একটি। তবে যখন ওদের বিপক্ষে আমরা খেলবো তখন একই রকম দৃঢ় প্রতিজ্ঞ থাকবো আর দৃঢ়তা দেখাব।”