ব্রাজিলে ভয় নেই কলম্বিয়ার
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে নিয়ে কলম্বিয়া সন্ত্রস্ত থাকবে না বলে জানিয়েছেন দলটির ফরোয়ার্ড জ্যাকসন মার্তিনেস।
হোসে পেকারমানের দলটি শনিবার লুইস সুয়ারেসবিহীন উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছায়। জোড়া গোল করে কলম্বিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান মিডফিল্ডার হামেস রদ্রিগেসের।
স্বাগতিক ব্রাজিল টুর্নামেন্টের ‘ফেভারিট’ দল। যদিও শেষ ষোলোর লড়াইয়ে চিলিকে হারাতে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়েছে লুইস ফেলিপে স্কলারির দলটিকে।
পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ উপভোগ করা মার্তিনেস জানান, শুক্রবার ফরতালেজায় ব্রাজিলের বিপক্ষে খেলার সময়ে তাদের মধ্যে কোনো ভীতি থাকবে না।
“ব্রাজিলের বিপক্ষে খেলা হবে একটি বিশেষ সুযোগ। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। বিশ্বকাপে যতদূর সম্ভব যাওয়ার জন্য আমরা কাজ করে যাব।”
