২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে হারাবে ‘আলপাইন মেসি’?

হন্ডুরাসের বিপক্ষে হ্যাটট্রিক করে নতুন করে আলোচনায় উঠে আসা সুইজারল্যান্ডের ‘আলপাইন মেসি’ এবার মুখোমুখি হতে যাচ্ছেন আসল মেসির বিপক্ষে। আর আর্জেন্টিনাকে কখনই হারাতে না পারা ইউরোপের এই দেশটি স্বপ্ন দেখছে নতুন এক সূচনার, ৬০ বছর পর আবারো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 02:46 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

আগামী মঙ্গলবার সাও পাওলোয় দ্বিতীয় রাউন্ডে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।

কসোভোয় জন্ম নেয়া শাচিরির খেলা দেখে সুইজারল্যান্ডের মানুষ আপ্লুত হয়। বল নিয়ে তার কারিকুরি দেখে তারা মুগ্ধ হয়ে ভাবে, তাদের বিশ্বকাপ-স্বপ্নের বাহক হয়ত ফুটবল-পাঠ নিয়েছেন লাতিন আমেরিকার রাস্তায়।

সুইসদের এই বিশ্বকাপ ভরসা প্রথম দুই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। তবে দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়। নকআউট পর্বে উঠতে হুন্ডরাসকে হারাতে একাই করলেন তিন গোল, দলও জিতলো ৩-০ গোলে।

শাচিরি আরেকবার পারবেন সুইসদের ত্রাতা হতে?

তবে আর্জেন্টিনা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ভাবনাতেও বড় জায়গা জুড়ে আছে ২২ বছর বয়সী শাচিরি।

আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো যেমন জানালেন, ম্যাচে শাচিরির উপর নজর রাখবে তারা।

“শাচিরি ও সেফেরোভিচ ভালো ফর্মে আছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে।”

ইকুয়েডরের বিপক্ষে সুইসদের ২-১ গোলের জয়ে ইনজুরি সময়ে জয়সূচক গোলটি করেন রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড হারিস সেফেরোভিচ।

আর্জেন্টিনার বিপক্ষে আগের ছয়বারের মুখোমুখি লড়াইয়ে চারবার হেরেছে সুইসরা, বাকি দুটি ড্র। এবার ওই একপেশে পরিসংখ্যানটা পাল্টাতে চায় তারা।

দলটির কোচ ওটমার হিটজফেল্ড বলেন, “(এই লড়াইয়ে) পরিষ্কারভাবে আমাদের জেতার কোনো আশা নেই। আমাদের হারানোর কিছু নেই কিন্তু অর্জনের আছে অনেক।”

জার্মান কোচ হিটজফেল্ড আরো বলেন, “মঙ্গলবার আমরা ইতিহাস গড়তে পারি। এক ম্যাচে যেকোনো কিছুই সম্ভব।”

এর আগে ৯বার বিশ্বকাপের মূল পর্বে খেলে তিনবার কোয়ার্টার-ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। তবে ১৯৫৪ সালে শেষবার তাদের শেষ আটে খেলার স্মৃতিতে আজ মরিচা পড়েছে।