২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেনাল্টি অনুশীলনে মেসি-হিগুয়াইনরা

সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে টাইব্রেকারের প্রস্তুতি সেরে রাখছে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 02:43 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

আগামী মঙ্গলবার সাও পাওলোয় সুইসদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শনিবার ব্রাজিল ও চিলির ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে শেষ আটে ওঠে স্বাগতিক দল। গোল করতে ব্যর্থ হন দুই দলের পাঁচ খেলোয়াড়।

শক্তির বিচারে সুইজারল্যান্ডের তুলনায় আর্জেন্টিনা অনেক এগিয়ে। এবারের আসরের অন্যতম ফেভারিটও লাতিন আমেরিকার দেশটি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের শুরু থেকে যেভাবে ছোট দলগুলো চমক দেখাতে শুরু করেছে তাতে টুর্নামেন্টের সেরা আক্রমণভাগও সুইস রক্ষণে আটকে যেতে পারে।

আর তাই শেষ পর্যন্ত টাইব্রেকার পরীক্ষায় নামতে হলে অনুশীলনটা তো ভালো থাকা চাই।

রোববার বেলো হরিজন্তেতে অনুশীলন ক্যাম্পে স্পট কিক অনুশীলন করেন চার ফরোয়ার্ড লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, এসেকিয়েল লাভেস্সি, আনহেল দি মারিয়া, মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো ও ডিফেন্ডার মার্তিন দেমিচেলিস।

বিশ্বকাপে আর্জেন্টিনার ‘টাইব্রেকার ভাগ্য’ অবশ্য বেশ ভালো। টাইব্রেকারে গড়ানো চার ম্যাচের তিনটিই জিতেছে তারা। ১৯৯০ সালে সাবেক যুগোস্লোভিয়া, ইতালি এবং ১৯৯৮ সালে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। আর ২০০৬ সালে জার্মানির কাছে হেরে বাদ পড়ে তারা।