প্রতিশোধ নিয়ে আলোচনায় বিরক্ত লুভ
আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে প্রতিশোধ নিয়ে আলোচনায় ‘বিরক্ত’ জার্মানির কোচ ইওয়াখিম লুভ।
সোমবার পোর্তো আলেগ্রেতে আরব দেশটির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলবে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি।
৩২ বছর আগে অস্ট্রিয়ার বিপক্ষে 'সমঝোতার' ম্যাচে পশ্চিম জার্মানির জয়ে পরের রাউন্ডে পৌঁছেছিল দুই দলই। বিদায় নিতে হয়েছিল পশ্চিম জার্মানিকে হারিয়ে চমক দেখানো আলজেরিয়ার।
আলজেরিয়া দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর পর কোচ ভাহিদ হালিলহোদিচ প্রতিশোধের কথা সামনে এনে জানান, ১৯৮২ সালের সেই বিতর্কিত বিদাযের বিষয়টি তারা ভুলে যাননি।
লুভ বলেন, “যখন আমি পড়ি, এই ম্যাচ প্রতিশোধের, তখন বিরক্তি লাগে। বেশির ভাগ খেলোয়াড়ের তখন (১৯৮২) জন্মই হয়নি। আলজেরিয়া কেন আমাদের শাস্তি দিতে চায়? এটা আমার বোধগম্য নয়। আমাদের খেলোয়াড়রা সেই সময়ের দল (পশ্চিম জার্মানি) সম্পর্কে কিছুই জানে না।”
জার্মানির এই কোচ জানান, এটি তাদের জন্য কোনো ইস্যু নয়।
১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে তৎকালীন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পাশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল।
গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। পশ্চিম জার্মানি ১-০ বা ২-০ গোলে জিতলেই সম্ভব ছিল দুই দলেরই পরবর্তী রাউন্ডে যাওয়া। 'সমঝোতার' খেলায় পশ্চিম জার্মানি জিতেছিল ১-০ গোলে। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতেই জেতা আলজেরিয়াকে তাই বিদায় নিতে হয় চোখের জলে।
ওই ম্যাচটিকে পাতানো দাবি করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছিল আলজেরিয়া। তবে অভিযোগ কখনো প্রমাণিত হয়নি।
৩২ বছর আগের সেই বিতর্কের পর থেকেই বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি খেলা একই সময়ে শুরুর নিয়ম করা হয়।
