কোস্টা রিকা না গ্রিসের ইতিহাস?
তাদেরকে বিশ্বসেরা ৩২ দলের মধ্যে রাখতেই আপত্তি অনেকের। সেখানে কিনা সেরা ১৬-তে! কোস্টা রিকা-গ্রিসের এই অর্জন দেশ দুটির ফুটবলীয় মানদণ্ডের নির্দেশক নয় বলে দাবি করার লোকের তাই অভাব নেই। আর যখন বিশ্বসেরা আসরে সেরা আটে চলে যাবে এদের মধ্যে একটি দল, তখন? ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে যেটি ছিল কল্পনামাত্র, এখন সেটি বাস্তব হওয়ার অপেক্ষায়।
রেসিফির আরেনায় পেরনামবুকোয় রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হচ্ছে কোস্টা রিকা-গ্রিস। দলদুটি মুখোমুখি পড়ে যাওয়ায় তাদের ভাগ্যবান বলা যাবে? তাহলে বিশেষত মধ্য আমেরিকান দেশটির বিশ্বকাপ অর্জনকে অসম্মান করা হয় যে! কোন গ্রুপ থেকে কোস্টা রিকা নকআউট পর্বে এসেছে, সেটি খেয়াল রাখলে তাদের গায়ে ভাগ্যবানের তকমা সেঁটে দেওয়ার উপায় নেই। ইতালি-উরুগুয়ে-ইংল্যান্ডের মতো সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে মৃত্যুকূপে ছিল তারা। সেখান থেকে নকআউট পর্বে এসেছে। তাও যেনতেনভাবে না, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। উরুগুয়ে-ইতালিকে হারানোর পর ইংল্যান্ডের সঙ্গে ড্র করে। অর্থাৎ সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নের কারো বিপক্ষেই হারেনি কোস্টা রিকা। সে বিবেচনায় আজ গ্রিসের কাছে হেরে যাবে, সেটি বিশ্বাস করা একটু কঠিন!
গ্রিসের নকআউট পর্বে উত্তরণ হয়তো কোস্টারিকার মতো রূপকথার যাত্রা না। কিন্তু কৃতিত্ব তাদেরও কম কিসে! কলম্বিয়ার কাছে ০-৩ গোলে হারের পর জাপানের সঙ্গে নিষ্ফলা ম্যাচ - গ্রিসের বাড়ি ফেরাটা তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) ২-১ গোলে হারিয়ে নিজেদের মতো করে ইতিহাস ঠিকই রচনা করে গ্রিস। এই প্রথম যে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল ইউরোপের দেশটি!
আঁটোসাটো রক্ষণের জন্য খ্যাতি গ্রিসের। এভাবেই ২০০৪ ইউরো জিতেছিল তারা, এভাবেই পেরিয়েছে এবারের বিশ্বকাপ বাছাইপর্ব। কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে যখন প্রয়োজন পড়েছে, ঠিকই কিন্তু দলকে আক্রমণাত্মক ঢংয়ে খেলিয়েছেন কোচ ফের্নান্দো সান্তোস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি, “আইভরি কোস্টের বিপক্ষে আমরা দেখিয়েছি যে, কতো ভালোভাবে রক্ষণ সামলাতে পারি। সেই সঙ্গে আক্রমণেও কতো ভালো হতে পারি। অনেক সুযোগ আমরা তৈরি করেছি।” গ্রিস কেবল রক্ষণাত্মক কৌশলেই খেলতে জানে, এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন তাই তিনি, “এটিকে কৌতুক হিসেবে নিয়ে আমি কেবল হাসতেই পারি।”
‘গ্রুপ অব ডেথ’ থেকে কোস্টা রিকা নকআউট পর্বে আসবে বলে যেমন ভাবেননি কেউ, ঠিক তেমনি গ্রিসের উত্তরণও চমক জাগানিয়া। অন্তত কোস্টা রিকানদের কাছে সেটি চমক বলে অকপটে স্বীকার করেছেন দলটির মিডফিল্ডার ইয়েলতসিন তেইয়েদা, “আমরা কলম্বিয়া আর আইভরি কোস্টকে নিয়েই ভাবছিলাম বেশি। তাদের চেয়ে কম যাদের আশা করেছি, তারাই কিনা এসে গেল! (ওদের খেলার পর্যালোচনার জন্য) এখন আমাদের ভিডিও ক্যাসেট বদলাতে হবে।”
গ্রিসের এটি বিশ্বকাপে নকআউট রাউন্ডে প্রথম অভিজ্ঞতা। কোস্টা রিকার সেই অভিজ্ঞতা আছে বটে, তবে সেটি দুই যুগ আগের কথা। ১৯৯০ বিশ্বকাপে সব শেষবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিল তারা। কোস্টা রিকার সর্বকালের সেরা দল হিসেবে সেই দলের প্রতিদ্বন্দ্বী এরই মধ্যে হয়ে উঠেছে এই দলটি। যদি তারা এবার পূর্বসুরীদের চেয়ে আরেক ধাপ এগিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে যেতে পারে- তাহলে এগিয়ে যাবে বর্তমান প্রজম্মই।
