২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ হামলায় মেক্সিকোর প্রতিরোধ?

ব্রাজিলের বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে রাতারাতি ফরোয়ার্ডদের দুঃস্বপ্নে পরিণত হয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। কিন্তু এবার যে উল্টো তাকেই দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ড জুটি রবিন ফন পের্সি ও আরিয়েন রবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 02:48 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

ফর্তালেজার আরেনা কাস্তেলাওয়ে বাংলাদেশ সময় রোববার রাত দশটায় দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-মেক্সিকো। লড়াইয়ের ভেতর লড়াইয়ে সেখানে মুখোমুখি আসলে পের্সি-রবেনের সঙ্গে ওচোয়া। যে লড়াইয়ের ফলে আঁকা হয়ে যেতে পারে ম্যাচের বিজয়ী দলের গতিপথ।

২০১৪ বিশ্বকাপের আগে ওচোয়া ছিলেন অখ্যাত একজন গোলরক্ষক। আগের দুই বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। ফর্মের এমন পড়তি ধারা যে, এই মুহূর্তে এমনকি কোনো ক্লাবের সঙ্গেও চুক্তিবদ্ধ নন তিনি। অথচ সেই অখ্যাত গোলরক্ষককে বিখ্যাত বানিয়ে দিল ব্রাজিল বিশ্বকাপ। নেইমার-পাউলিনিয়ো-চিয়াগো সিলভার বিপক্ষে এমন সব অকল্পনীয় সেভ করেছেন যে, এখন পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা গোলরক্ষকের মুকুট বেশিরভাগ বিশ্লেষক দিচ্ছেন ওচোয়ার মাথায়।

সেরা ফরোয়ার্ড জুটিতে ফন পের্সি-রবেনও অপ্রতিদ্বন্দ্বী। দুজনেই করেছেন তিনটি করে গোল। তাদের অদম্য মূর্তিতেই তো অজেয় নেদারল্যান্ডস। স্পেন-চিলি-অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে তিন জয় পাওয়া যে চাট্টিখানি ব্যাপার নয়! আর সেই অর্জনও ফলনির্ভর রক্ষণাত্মক ফুটবলে না। গ্রুপ পর্বে ৩২ দলের মধ্যে সবচেয়ে বেশি ১০ গোল দিয়েছে ফন পের্সি-রবেনের ডাচরাই।

টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে শেষ ম্যাচে ছিলেন না ফন পের্সি। রবেনের সঙ্গে জুটি বেঁধে ওচোয়ার অগ্নিপরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ডাচ অধিনায়ক ফিরছেন। এই পরীক্ষায় মেক্সিকো গোলরক্ষক উতরাতে পারলেই কেবল তাদের কোয়ার্টার-ফাইনালে উত্তরণের সম্ভাবনা থাকবে। নইলে না।

‘বি’ গ্রুপ থেকে যেমন দাপট দেখিয়ে শেষ ষোলোতে এসেছে ডাচরা, ‘এ’ গ্রুপ থেকে মেক্সিকো ততটা না। তবে ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে গ্রুপের রানার্সআপ হওয়াটা-বা মন্দ কী! ক্যামেরুনকে ১-০ গোলে হারানোর পর স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র, এরপর ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়া-মধ্য আমেরিকান দলটিকে সমীহ না করে উপায় নেই।

তবে ইতিহাসের গেরো কিন্তু আছে মেক্সিকোর সামনে। বিশ্বকাপে কেবল দু’বার তারা যেতে পেরেছে কোয়ার্টার ফাইনালে। ১৯৭০ ও ১৯৮৬ সালে সেই দু’বারই তারা ছিল আয়োজক! সর্বশেষ পাঁচ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ঝরে পড়ার ইতিহাস আছে তাদের। নেদারল্যান্ডসের কাছে মেক্সিকো হারলে তাই সেটি ইতিহাসের ধারাই রক্ষা করবে কেবল!

ফন পের্সির একাদশে ফেরার অর্থ ডির্ক কুইটের সাইড বেঞ্চে অবনমন। গত দুই খেলায় বদলি হিসেবে নেমে গোল করা মেমফিস ডিপাইয়েরও জায়গা হবে সেখানে। তবে এটি নিয়ে বিন্দুমাত্র আপত্তি নেই ২০ বছরের এই তারকার, “আমাকে বাস্তববাদী হতে হবে। রবেন-ফন পের্সির মতো অবিশ্বাস্য খেলোয়াড় থাকায় আমার বেঞ্চে থাকাটাই যৌক্তিক। বল ড্রিবলিংয়ে রবেন যা করে, সেটি আসলে বিশ্বাস করার মতো না।”

মেক্সিকো ক্যাম্পেও নেই কোনো চোট-ঝঞ্ঝাট। সেরা একাদশ তাই নামাতে পারবেন কোচ মিগেল এররেরা। ১১ জনের মধ্যে ডিফেন্ডার এক্তর মোরেনো একটু বেশিই তেতে থাকবেন হয়তো। পুরনো কোচ লুই ফন গালের বিপক্ষে যে খেলতে নামছেন! ডাচ ক্লাব এজেড আলকমারে তার অধীনে খেলেছিলেন মোরেনা। ডাচ ক্যাম্পের প্রতিভা সম্পর্কে তাই ভালোই ধারণা আছে তার, “আমি যখন ওই ক্লাবে ছিলাম, তখন এই ডাচ দলের অনেকে ছিল সেখানে। আমার মতোই ছিল বয়সে তরুণ, যাদের ক্যারিয়ার শুরু হচ্ছিল মাত্র। ফন গালের অধীনে ওরা পরিণত হয়েছে। আর এখনকার ডাচ দলের যে ফরোয়ার্ড লাইন, তাতে আমাদের জন্য কঠিন এক ম্যাচ অপেক্ষা করে আছে।”

তবে এমনটা ভাবার কোনো কারণ নেই যে, ডাচ আক্রমণের স্রোতের মুখে কেবলই রক্ষণ সামলে যাবে মেক্সিকো। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র এক গোল খাওয়া রক্ষণের শক্তিশালী দিকের কথা বলে বটে। তবে তাদের আক্রমণভাগও মন্দ না। জিওভানি দস সান্তোস, হাভিয়ের এর্নান্দেস, ওরিবে পেরালতার মতো ভয়ঙ্কর ফরোয়ার্ড আছে মেক্সিকোর। আর রেকর্ডবইও তো সাক্ষী দেয় এই দ্বৈরথে ভুরি ভুরি গোল হওয়ার। এখন পর্যন্ত নেদারল্যান্ডস-মেক্সিকোর ছয় লড়াইয়ে গোল হয়েছে ২২টি, ম্যাচ প্রতি প্রায় চারটি করে। দুই দলের সমান ১১টি করে গোল। বিশ্বকাপে তাদের একমাত্র ম্যাচ ১৯৯৮ সালে ড্র হয়েছিল ২-২ গোলে। না হয় সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের ফলে ডাচরা ৩-২ ব্যবধানে এগিয়ে, তবে সেটি কিন্তু তাদের জয়ের নিশ্চয়তা দিচ্ছে না। দুই দলের ছয় লড়াইয়ে ২২ গোলের ইতিহাস গোলের প্রতিশ্রুতি দিচ্ছে কেবল।

ওচোয়া এই সম্ভাবনায় রাগ করতে পারেন। নেইমার-অস্কারদের ঠেকানো গেলে ফন পের্সি-রবেনকে নয় কেন- এই দর্শন নিয়ে আজ মাঠে নামবেন মেক্সিকো গোলরক্ষক। লড়াইয়ের ভেতর ওই লড়াইয়ে তিনি জিতলে দলের জেতার সম্ভাবনাও যাবে বেড়ে।

কিন্তু ফন পের্সি-রবেনের বিপক্ষে যুদ্ধ জয়? কাজটি যে সহজ না, ইকের কাসিয়াসকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন ওচোয়া!