গোল খরা নিয়ে ভাবছেন না হিগুয়াইন
ব্রাজিল বিশ্বকাপে এখনো গোল না পেলেও তা নিয়ে কোনো দুর্ভাবনা নেই আর্জেন্টিনার গনসালো হিগুয়াইনের।
গ্রুপ পর্বে ইরান, নাইজেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে খেললেও একবারও জাল খুঁজে পাননি নাপোলির এই স্ট্রাইকার।
প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া নিয়ে কোনো দুর্ভাবনা নেই বলে জানান হিগুয়াইন।
“দলকে সহায়তা করার জন্য সব স্ট্রাইকারের গোল পাওয়া প্রয়োজন। আশা করছি খুব দ্রুতই গোল আসবে। তবে গোল না পেলেই যে আমি অস্বস্তিতে ভুগবো, তা নয়।”
হিগুয়াইন অবশ্য জানান, সুযোগগুলো কাজে লাগাতে পারলে তার আত্মবিশ্বাস বাড়তো।
সুইজারল্যান্ডের প্রতি সমীহের কমতি নেই হিগুয়াইনের। তিনি জানান, শেষ ষোলর প্রতিপক্ষের সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে আর্জেন্টিনার ভালো ধারণা আছে।
“আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। সুইজারল্যান্ড আরো এগুতে চাইবে। তাই আমাদের অবশ্যই প্রতিপক্ষকে সম্মান জানাতে হবে।”
চারবারের বর্ষ সেরা ফুটবলার লিওনেল মেসির নৈপুণ্যে তিন প্রতিপক্ষকে হারিয়ে ‘এফ’ গ্রুপের সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় আর্জেন্টিনা।
মঙ্গলবার সাও পাওলোয় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ‘ই’ গ্রুপ রানার্সআপ সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় সেই ম্যাচে খেলবেন না স্ট্রাইকার সের্হিও আগুয়েরো।
