গ্রিসের বিপক্ষে আগে গোল চায় কোস্টা রিকা
স্বপ্নের দৌড়টা আরো এগিয়ে নিয়ে যেতে চায় কোস্টা রিকা। শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে শেষ আটে ওঠার সেই লক্ষ্য অর্জন করতে হলে গ্রিসের বিপক্ষে কোস্টা রিকাকে আগে গোল পেতে হবে বলে মনে করেন সহকারি কোচ লুইস মারিন।
গত কয়েক বছরে গ্রিস তাদের জমাট রক্ষণের জন্য বেশ সুনাম কুড়িয়েছে। বিশেষ করে তারা এগিয়ে গেলে রক্ষণভাগ যেন চীনের প্রাচীর হয়ে ওঠে।
ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বেও গ্রিসের রক্ষণ দেয়াল ছিল অপ্রতিরোধ্য। ১০ ম্যাচে মাত্র ৪টি গোলই হজম করেছে তারা। রেসিফিতে গ্রিসের বিপক্ষে বাংলাদেশ সময় রোববার রাত ২টায় শেষ ষোলোর লড়াইয়ে তাই আগে গোল পেতে মরিয়া কোস্টা রিকা।
দলটির সহকারী কোচ বলেন, "শুরুতে গোল করাটা আমাদের জন্য জরুরি। বিশেষ করে যখন গ্রিস এগিয়ে যাওয়ার পর রক্ষণ দৃঢ় করে ফেলে।
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে অবশ্য গ্রিস ৩-০ গোলে হেরেছিল। কিন্তু এর পরই আবার রক্ষণভাগটা গুছিয়ে নেয় গ্রিস। পরের দুই ম্যাচে মাত্র একটি গোল খেয়েছে তারা। তাই কলম্বিয়া-গ্রিস ম্যাচটি ভুলে গিয়ে নিজের দলকে সতর্ক থাকতে পরামর্শ দিলেন মারিন।
সবকিছু মিলিয়ে মারিন গ্রিসের বিপক্ষে ম্যাচটি টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনাও দেখছেন। কোস্টা রিকা তাই পেনাল্টি কিক নেয়ার অনুশীলনটাও ভালোভাবেই করে রাখবে।
