২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কোচকে হারাতে চান এরনান্দেস

শেষ আট, সম্ভব হলে আরো দূর-মেক্সিকো নিয়ে এই স্বপ্নই দেখে আসছেন হাভিয়ের এরনান্দেস। মেক্সিকোর জার্সি গায়ে গোল-খরা কাটানো এরনান্দেস তার এই স্বপ্ন পূরণের পথে ক্লাব কোচ লুইস ফন গালকে হারাতে চান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 02:01 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

সবকিছু ঠিক হয়ে আছে, বিশ্বকাপের পরই এরনান্দেসের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন ফন গাল। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে জয়ের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন তারা।

তবে ব্রাজিল বিশ্বকাপে এই রোববার তারা প্রতিপক্ষ। ফরতালেজায় শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১০টায় ফন গালের নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন এরনান্দেসরা।

এক বছরেরও বেশি সময় ধরে মেক্সিকোর হয়ে গোল পাচ্ছিলেন না এরনান্দেস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল পেয়ে তাই এই ম্যাচের আগে দারুণ উজ্জীবিত ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড।

"পুরো বছরটাই খুব কঠিন গেছে। খেলোয়াড়দের অন্য যেকোনো কিছুর চেয়ে আত্মবিশ্বাসটাই বেশি লাগে এবং এটারই খুব অভাব ছিল আমার। গত বছরে খুব কম লোকই আমার ওপর আস্থা দেখিয়েছে।"

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পর আবেগে কেঁদেই ফেলেছিলেন এরনান্দেস। গ্রুপ পর্বে ভালো ফুটবল উপহার দিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা প্রত্যাশী স্বাগতিক ব্রাজিলকে গোলশূন্য ড্রয়ে আটকে রেখেছিল তারা।

তবে এখনো স্বপ্ন অর্জিত হয়নি বলে সতীর্থদের অতি উচ্ছ্বাসে ভেসে না যেতে পরামর্শ দিলেন এরনান্দেস।

"আমাদের খুব শান্ত ও বিনয়ী থাকতে হবে এবং ধারবাহিকতা ধরে রাখতে হবে। মাত্র তো এক ধাপই এগোলাম আমরা। অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ, কিন্তু একটা মাত্র পদক্ষেপ। ইতিহাস গড়তে চাইলে আমাদের নেদারল্যান্ডসকে হারাতে হবে।"

নেদারল্যান্ডসকে হারানো যে খুব সহজ হবে না, এটা ঠিকই জানেন এরনান্দেস। এবারের বিশ্বকাপে অসাধারণ খেলা ডাচরা গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করেছে, ৩ ম্যাচে ১০টি।

এই ১০ গোলের আবার ৬টি গোলই দুই ডাচ ফরোয়ার্ড রবেন ফন পের্সি ও আরিয়েন রবেনের।