নাইজেরিয়া দলে সঙ্কট মেটালেন প্রেসিডেন্ট
ক্যামেরুন ও ঘানার পর এবার নাইজেরিয়া দলেও খেলোয়াড়দের বোনাস নিয়ে বিরোধ শুরু হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা দলটিতে সঙ্কট ঠেকাতে হস্তক্ষেপ করতে হয়েছে প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে।
বোনাস বিতর্কের জের ধরে বৃহস্পতিবার নাইজেরিয়া দল অনুশীলন বয়কট করেছিল। এর পরই সমস্যা সমাধানে দেশটির প্রেসিডেন্ট এগিয়ে আসেন। দলের সিনিয়র খেলোয়াড়দের আশ্বাস দিয়ে জোনাথন বলেন, বোনাসের টাকা তাদের দেয়া হবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার খেলোয়াড়রা টুর্নামেন্ট শেষ হওয়ার পর বোনাস না পাওয়ার শঙ্কায় ভুগছে। গত বছরের কনফেডারেশন্স কাপে একই ঘটনা ঘটেছিল।
খেলোয়াড়রা তাদের পাওনা টাকা এখনই দাবি করলেও নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) তা দেয়ার সাধ্য নেই। ফিফার থেকে প্রাইজমানি পাওয়ার পরই তারা বোনাসের টাকা দিতে পারবে।
তবে প্রেসিডেন্ট এগিয়ে আসায় সমস্যার সমাধান হয়েছে। নাইজেরিয়া দলের একটি সূত্র জানিয়েছে, আগের সূচি অনুযায়ী খেলোয়াড়রা শুক্রবার ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় যাবে এবং সেখানে অনুশীলন করবে।
ব্রাজিলিয়াতেই আগামী সোমবার শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১০টায় ফ্রান্সের মুখোমুখি হবে তারা।
বোনাস নিয়ে এর আগে আফ্রিকার দল ক্যামেরুন আর ঘানাতেও সঙ্কট দেখা দিয়েছিল। দেশ থেকে ব্রাজিলে রওনা হওয়ার আগে বোনাসের দাবিতে ধর্মঘট ডেকে বসেছিল ক্যামেরুনের খেলোয়াড়রা।
বিশ্বকাপে অংশ না নেয়ারও হুমকি দিয়েছিল তারা। পরে অবশ্য সমস্যার সমাধান হয় এবং খেলতে এসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন স্যামুয়েল এতোরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ঘানার খেলোয়াড়রাও বোনাসের দাবিতে বেঁকে বসেছিল। সেই দেশের সরকার ম্যাচের আগে ভাড়া করা বিমানে টাকা পাঠিয়ে দিলেও এর জের ধরে দুই খেলোয়াড় সুলি মুনতারি ও কেভিন প্রিন্স বোয়াটেংকে বাড়ি পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ।
শেষে অবশ্য পর্তুগালের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ঘানা।
