সুয়ারেসবিহীন উরুগুয়ের সামনে দুরন্ত কলম্বিয়া
প্রতিপক্ষের কাছে তিনি খলনায়ক। কিন্তু উরুগুয়েবাসীরা তাকে বসিয়েছে নায়কের আসনে। এই যে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড়ানোর কারণে বিশ্বকাপ থেকে এক রকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল লুইস সুয়ারেসকে, যার অবধারিত পার্শ্বপ্রতিক্রিয়ায় উরুগুয়ের ব্রাজিল অভিযান শেষ হতে পারে যখন-তখন - এসবে কোনো ভ্রুক্ষেপ নেই সমর্থকদের। বরং সুয়ারেসের ফেরার ক্ষণে ‘বীর’-বরণের জন্য তারা মন্তেভিদিওর বিমানবন্দরে হাজির ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে-কলম্বিয়া। এই ম্যাচে না থেকেও তাই প্রবলভাবে আছেন সুয়ারেস। আছেন আবহে ও প্রাসঙ্গিকতায়। যে ‘কাণ্ড’ করলেন এবার, সেটি যে ছাপিয়ে গেছে অতীতের সব ‘কীর্তি’! না হয় আগেও প্রতিপক্ষকে কামড়েছেন সুয়ারেস, তাই বলে বিশ্বকাপের বিশ্বমঞ্চেও তাই করবেন, ভাবা যায় নি!
অভাবনীয় সেই ঘটনা ঘটানোয় সুয়ারেস তাই থাকছেন না কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। তাঁর না থাকার মূল্য চড়া দাম দিয়ে চুকাতে হতে পারে উরুগুয়েকে! বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। চলতি বিশ্বকাপে উরুগুয়ের ম্যাচ তিনটি দেখলেই তা বোঝা যাবে। চোটের কারণে কোস্টা রিকার বিপক্ষে ছিলেন না, হেরেছে দল। ফিরলেন ইংল্যান্ডের বিপক্ষে, জেতালেন জোড়া গোল করে। ছিলেন ইতালির বিপক্ষেও। কিয়েল্লিনিকে কামড় দেওয়া সেই ম্যাচে নিজে গোল করতে পারেননি বটে, কিন্তু ঠিকই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সেদিন কী আর জানতেন যে, বিশ্বকাপ ছেড়েই চলে যেতে হবে তাকে!
অপরাধের দায়ে উরুগুয়ে হারিয়েছে দলের সেরা খেলোয়াড়কে। আজকের প্রতিপক্ষ কলম্বিয়ার সেরা খেলোয়াড়টিও তো নেই। ইনজুরির কারণে রাদামেল ফালকাও ছাড়াই যে বিশ্বকাপে আসতে হয়েছে ‘লস কাফেতেরস’দের! কিন্তু গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে সেই ফালকাওয়ের কথা এখন প্রায় কেউই আর বলছেন না। বলবেন কেন? সেরা খেলোয়াড় ছাড়াই যে একের পর এক প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছে কলম্বিয়া। গ্রিস, আইভরি কোস্ট, জাপান- কেউই বাধা হতে পারেনি তাদের জয়যাত্রায়। উরুগুয়ে কি পারবে!
ফালকাওয়ের অনুপস্থিতিতে কলম্বিয়া পেয়ে গেছেন নতুন ‘পোস্টার বয়’ হামেস রদ্রিগেস। গ্রুপ পর্বে ব্রাজিল বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। শুধু তিন গোল কিংবা গোলে দুই অবদানের কারণে না, মধ্যমনি হয়ে যেভাবে আক্রমণের বুনন সাজান- সেটিও চোখ ধাঁধিয়ে দিয়েছে সবার। শুধু শুধুই তো আর রদ্রিগেসকে ‘নতুন ভালদেরামা’ বলা হচ্ছে না। তাঁর সঙ্গে হুয়ান কারদাদো, জ্যাকসন মার্তিনেসের মতো তরুণ তুর্কি থাকায় কলম্বিয়া এখন সবার চোখে সমীহ জাগানিয়া দল। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোসে পেকারমানের জাদুকরী স্পর্শে এমনভাবেই বদলে গেছে তারা। উরুগুয়ের দুই বিশ্বকাপ ট্রফি জয়ের বিপরীতে তাদের কখনো কোয়ার্টার-ফাইনালে না ওঠার রেকর্ড থাকতে পারে, তবু মারাকানার লড়াইয়ে কলম্বিয়াকে পিছিয়ে রাখার উপায় নেই। বড়জোর সমানে সমান!
বিশ্বকাপ রেকর্ডে উরুগুয়ে যেমন এগিয়ে, তেমনি সামগ্রিকভাবেও। সব মিলিয়ে দুই দলের ৩৮ লড়াইয়ে ১৮ জয় তাদের; ১১টি কলম্বিয়ার। গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ দ্বৈরথেও ২-০ ব্যবধানে জয় উরুগুয়ের। সুয়ারেসহীন দলটির জন্য রেকর্ড বইয়ের পাতা ঝেড়ে এসব অনুপ্রেরণা বড্ড জরুরি। অধিনায়ক দিয়েগো লুগানোও যেমন উজ্জীবিত করতে চাইছেন দলকে। নিজের ফেইসবুক পেইজে লিখেছেন তাই, “কিছুই আমাদের পিছু টেনে রাখতে পারবে না। একতা-দৃঢ়প্রতিজ্ঞা দিয়ে সব পরিস্থিতি আমরা মোকাবেলা করব। যেসব ভুল করেছি, সেগুলো মনে রেখেই মাথা উঁচু করে করব লড়াই।” সে লড়াইয়ে তিনি নিজে মাঠে থাকতে পারবেন কিনা, এ নিয়ে অবশ্য সংশয় আছে; হাঁটুর চোটটা যে কিছুতেই পিছু ছাড়ছে না!
এই ম্যাচে লুইস সুয়ারেসের জায়গা হয়তো নেবেন গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় দিয়েগো ফোরলান। তবে ‘মারাকানাজো’ ম্যাচের জায়গাটা এই দ্বিতীয় রাউন্ডের উরুগুয়ে-কলম্বিয়া লড়াই কখনো নিতে পারবে না। ১৯৫০ সালে মারাকানার ফুটবল-তীর্থেই যে শিরোপা জিতেছিল উরুগুয়ে!
ফর্মের তুঙ্গে থাকা কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে সুয়ারেসহীন উরুগুয়ের জন্য এই প্রেরণাও তো কম না!
