চিলিকে ভয় স্কলারির!
চিলির বিপক্ষে বিশ্বকাপে কখনো হারেনি ব্রাজিল, মুখোমুখি হওয়া সবশেষ ১২ ম্যাচের ১০টিতে জয় পেয়েছে তারাই; তবু নাকি আবার চিলির মুখোমুখি হওয়ার আগে ভয় পাচ্ছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির।
বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে স্কলারি জানালেন তার ভাবনার কথা।
"আমাদের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে নকআউট পর্বে, যেখানে আপনি হারতে পারবেন না। আমরা আরো ভয় পাচ্ছি, আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছি। এটাই স্বাভাবিক।"
স্কলারির কথা শুনে অনেকেই মনে করতে পারেন, দেশের মাটিতে বিশ্বকাপের চাপটা অনুভব করতে শুরু করেছে ব্রাজিল দল। কিন্তু স্কলারি পরের কথায়ই বিষয়টি পরিষ্কার করেন।
"এটা ব্রাজিলে হচ্ছে বলে এরকম হচ্ছে না। আসলে বিশ্বকাপ বলেই এরকম হচ্ছে।"
টুর্নামেন্ট এখন যে পর্যায়ে আছে, সেখানে ভুলের কোনো সুযোগ নেই উল্লেখ করে স্কলারি বলেন, "একমাত্র জিতলেই আপনি ফাইনালে খেলার সুযোগ পাবেন।"
ব্রাজিল 'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে। তবে পুরো ৯ পয়েন্ট পায়নি তারা। দুটি ম্যাচ জিতলেও মেক্সিকোর সঙ্গে একটি ম্যাচ ড্র করেছে তারা।
শনিবারের প্রতিপক্ষ চিলির সঙ্গে কিন্তু ব্রাজিলের বিশ্বকাপ বা মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান খুবই সমৃদ্ধ। মুখোমুখি হওয়া ৬৮ ম্যাচের ৪৮টিতেই জিতেছে ব্রাজিল, চিলির জয় মাত্র ৭ ম্যাচে। বিশ্বকাপে তিন বারের দেখায় ৩ বারই হেরেছে চিলি।
সব মিলিয়ে চিলি ব্রাজিলের 'প্রিয়' প্রতিপক্ষই হওয়ার কথা। কিন্তু স্কলারি বললেন অন্য কথা।
"আমি বরং অন্য কারো বিপক্ষে খেলতে চাইতাম। তাদের বিপক্ষে খেলাটা একটা যন্ত্রণা।"
