বসনিয়ার কোচের পদত্যাগ
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বসনিয়া ও হার্জেগোভিনা ছিটকে পড়ার পর দলটির কোচ সাফেত সুসিচ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।
গত বুধবার ইরানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের একটি পত্রিকাকে সুসিচ বলেন, “বিশ্বকাপে এটা আমার শেষ ম্যাচ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আর কোনো ম্যাচ নেই। কখনও কখনও দায়িত্ব থেকে ভারমুক্ত হতে ভালোই লাগে। আমি নিজেই আমার ভাগ্য নির্ধারণ করতে পারি আর এটাই আমার জবাব।”
আর্জেন্টিনা ও নাইজেরিয়ার কাছে হারের পরই রক্ষণাত্মক কৌশলের জন্য সমালোচনার মুখে পড়েন যুগোস্লোভিয়ার হয়ে ১৯৮২ ও ১৯৯০ সালের বিশ্বকাপ খেলা সুসিচ।
প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা ও নাইজেরিয়া কাছে হেরে বিশ্বকাপ থেকে বসনিয়ার বিদায় নিশ্চিত হয়ে যায়। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরটাকে কিছুটা হলেও উজ্জ্বল করেছে ইউরোপের দেশটি।
