২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসের পাশে মারাদোনা

আবার কামড়-কাণ্ডের পর যখন একের পর এক আসছে সমালোচনার তীর, তখন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে পাশে পেয়েছেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 01:00 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

বৃহস্পতিবার এক টেলিভিশন অনুষ্ঠানে চার মাসের জন্য নিষিদ্ধ উরুগুয়ের এই স্ট্রাইকারকে সমর্থন জানিয়েছেন মারাদোনা।

এই অনুষ্ঠানে মারাদোনা যে টি-শার্টটি পড়ে আসেন সেটার গায়ে লেখা ছিল ‘লুইস, আমরা তোমার সঙ্গে আছি’।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া মারাদোনা বলেন, “ফিফার নিষেধাজ্ঞা লজ্জাজনক। ভক্তদের প্রতি তাদের কোনো সংবেদশীলতা নেই।”

মারাদোনা মনে করেন, একজন বিজয়ীর ক্যারিয়ার সংক্ষিপ্ত করার বিষয়টি তাকে আহত করছে। তার নিষেধাজ্ঞা বেশি হয়েছে আর ফিফা নীতি নিয়ে কাউকে কিছু বলতে পারে না।

“সুয়ারেস কাউকে হত্যা করেনি। এটা অন্যায় শাস্তি, মাফিয়ার কাজ।”

‘ডি’ গ্রুপের ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ায় ২৭ বছর বয়সী সুয়ারেসকে নয়টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়াও ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য লিভারপুলের এই তারকাকে নিষিদ্ধ করা হয়েছে।