তবুও খুশি রোনালদো!
অবশেষে গোল পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো, জয়ের স্বাদও পেল তার দেশ পর্তুগাল। কিন্তু এসবই বড্ড দেরিতে হওয়ায় ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়াটা এড়াতে পারলো না ইউরোপের দেশটি। তবে, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে পারায় সন্তুষ্ট রোনালদো।
বৃহস্পতিবার পর্তুগাল ২-১ গোলে হারায় ঘানাকে। আর অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র জার্মানির কাছে একমাত্র গোলে হারে। এতে যুক্তরাষ্ট্র ও পর্তুগালের পয়েন্ট হয়ে যায় সমান, ৪। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বে ওঠে উত্তর আমেরিকার দেশটি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় হতাশা তো আছেই। তবে প্রথম দুই ম্যাচের হতাশাজনক পারফর্ম্যান্স কাটিয়ে শেষ ম্যাচে তুলনামূলক ভালো খেলতে পারাতেই সান্ত্বনা খুঁজছেন রিয়াল মাদ্রিদ তারকা।
ম্যাচ শেষে পর্তুগালের অধিনায়ক রোনালদো বলেন, “টুর্নামেন্টে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারিনি। আজ (বৃহস্পতিবার) আমাদের জিততেই হতো এবং আমরা জিতেছিও।”
“আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম। আমরা জানতাম জার্মানি যদি (যুক্তরাষ্ট্রের বিপক্ষে) এক গোলের ব্যবধানে জেতে তাহলে আমাদের চার গোল করতে হবে। আর তা করতে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম,” যোগ করেন ফুটবলের এই মহাতারকা।
শেষ ম্যাচে জেতায় রোনালদো মনে করেন, মাথা উঁচু করেই দেশে ফিরছে পর্তুগাল।
কোচ পাওলো বেন্তার কণ্ঠে অবশ্য জয় দিয়ে শেষ করায় কোনো সন্তোষ নেই। এতো আগে বিশ্বকাপ থেকে ফেরা মানতে পারছেন না তিনি।
বেন্তা মনে করেন, নিজেদের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়াটাই প্রথম রাউন্ড থেকে তাদের বিদায়ের সবচেয়ে বড় কারণ।
“আমাদের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটার প্রভাব আমাদের সব ক্ষেত্রে পড়েছে- আমাদের মনের উপরও। কারণ, সেটা অনেক বড় একটা পরাজয় ছিল।”
