২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর গোলে জিতেও বিদায় পর্তুগালের

দলকে জয় এনে দিলেও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ঠেকাতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। ঘানাকে ২-১ গোলে হারিয়েও গোল পার্থক্যে যুক্তরাষ্ট্রের পেছনে পড়ে বিদায় নিতে হয়েছে পর্তুগালকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 12:01 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

হেরেও নকআউট পর্বে যুক্তরাষ্ট্র

জন বোয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ঘানাকে সমতায় এনেছিলেন আসামোয়াহ জিয়ান। কিন্তু খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে রোনালদোর গোলে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল।

অন্য ম্যাচে জার্মানির কাছে যুক্তরাষ্ট্রের হার কামনা করছিল ঘানা ও পর্তুগাল। যুক্তরাষ্ট্র একমাত্র গোলে হারলেও তা থেকে ফায়দা নিতে পারেনি কোনো দলই। সমান ৪ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থেকে বাদ পড়ে পর্তুগাল।

ম্যাচটি এক সময় ১-১ গোলে ড্র ছিল। ঘানা তখন আরেক গোল করে স্কোরলাইন ২-১ করে ফেললে কিন্তু যুক্তরাষ্ট্রের বদলে জার্মানির সঙ্গী হতো তারাই। তবে রোনালদোর জয়সূচক গোলে তাদের স্বপ্ন ভেঙে যায়।

৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে জার্মানি।

বৃহস্পতিবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে আক্রমণ করে খেলার কোনো বিকল্প না থাকা দুটি দলই শুরু থেকে ভীতি ছড়িয়েছে প্রতিপক্ষের রক্ষণসীমায়।

আগের দুই ম্যাচের ছন্দহীন ফিফা বর্ষ সেরা ফুটবলার রোনালদোর বিপজ্জনক উপস্থিতিতে মোটেও স্বস্তিতে ছিল না ‘ব্ল্যাক স্টার’দের রক্ষণভাগ। শৃঙ্খলার কারণে সুলি মুনতারি ও কেভিন প্রিন্স-বোয়াটেংকে দেশে ফেরত পাঠানো হলেও ঘানার খেলায় তার কোনো ছাপ ছিল না।

দলের সেরা দুই তারকাকে ছাড়াই জিয়ান, ক্রিস্তিয়ান আতসুরা পাওলো বেন্তার দলটির সামর্থ্যের পরীক্ষা নেন।

পঞ্চম মিনিটেই গোল পেতে পারতেন রোনালদো। দুরূহ কোন থেকে তার জোরালো শট ক্রস বারে লেগে ফিরলে হতাশায় পুড়তে হয় রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে। সাত মিনিট পর তার চমৎকার ফ্রিকিক ঠেকিয়ে আফ্রিকার দলটির ত্রাতা ফাতাও দাউদা।

সাত মিনিট পর আবারো রোনালদোর জন্য হতাশা। গোললাইনের সাত গজ দূর থেকে অরক্ষিত রোনালদোর দারুণ একটি হেড ব্যর্থ করে দেন দাউদে। ফুটবলের মহাতারকাকে রুখে দিয়ে ঘানা গোলরক্ষকের উদযাপন ছিল দারুণ, যেনো এই মাত্র কোনো গোল করেছেন তিনি।

পরের মিনিটেই ঘানার একটি প্রচেষ্টা বেতো ব্যর্থ করে দেন। দূর পাল্লার একটি ক্রস ধরে সঙ্গে লেগে থাকা পেপেকে এক ঝটকায় পেছনে ফেলে ডি বক্সে ঢুকে জোরালো শট নেন জিয়ান। কিন্তু সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।

২৪তম মিনিটে আবার সুযোগ পেয়েছিলেন জিয়ান। এবার তার হেড রুখে রুখে দেন বেতো।

সাত মিনিট পর এগিয়ে যায় পর্তুগাল। মিগেল ভেলোসোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে ডিফেন্ডার বোয়ের ঊরুতে লেগে জালে জড়ালে হতাশায় পুড়তে আফ্রিকার দেশটিকে। এবারের আসরে আসরে এটি চতুর্থ আত্মঘাতী গোল।

পরের তিন মিনিটে দুটি সুযোগ পেয়েছিল পর্তুগাল। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। রোনালদোর প্রচেষ্টা দাউদা ব্যর্থ করার পর বাইরে বল মেরে একটি সুযোগ হতছাড়া করেন নানি।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা ঘানা দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। ৫১তম মিনিটে জিয়ানের একটি চেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গতবার শেষ আটে খেলা দলটিকে।

৫৭তম মিনিটে কেওয়াদো আসামোয়াহর ক্রস থেকে জিয়ান পর্তুগালের জাল খুঁজে পেলে আশা জেগে উঠে ঘানা শিবিরে। অন্য ম্যাচে তখন জার্মানি ১-০ গোলে এগিয়ে থাকায় শেষ ষোলোয় যেতে আর একটি গোল প্রয়োজন ছিল কোয়েসি আপিয়াহর শিষ্যদের।

সেই গোলটি চার মিনিটের মধ্যেই পেয়ে যেতে পারতো ঘানা। জিয়ানের ক্রস থেকে অরক্ষিক আব্দুল মজিদ ওয়ারিস লক্ষ্যে হেড রাখতে পারেননি।

৮০তম মিনিটে খেলার ধারার বিপরীতেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। চলতি আসরে তার একমাত্র গোলটি প্রতিপক্ষের উপহারের মতোই। জোনাথন মেনসাহর হেড না ধরে দাউদা সামনে ফেলে দিয়েছিলেন। বল পেয়ে যান রোনালদো। গোল করার সহজতম সুযোগটি হাতছাড়া করেননি ‘সিআর-সেভেন’। পর্তুগালের হয়ে এটি তার ৫০তম গোল।

রোনালদোর গোলের পর বিশ্বকাপে টিকে থাকতে আরো তিনটি গোল প্রয়োজন ছিল পর্তুগালের। শেষ দশ মিনিট আর যোগ করা পাঁচ মিনিটে অসংখ্য সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তার একটিও কাজে লাগাতে পারেনি দলটি।