দাবি মতো নগদ অর্থ পেল ঘানার ফুটবলাররা
ফেল কড়ি, মাখো তেল-ঘানা খেলোয়াড়রা শেষাবধি এমনই একটি দাবি করে বসেছিলেন। ম্যাচ ফির টাকা চেয়েছিলেন তারা। তাদের দাবি মেনে পর্তুগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগেই ঘানার খেলোয়াড়দের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেঁকে বসে ঘানার খেলোয়াড়রা। অগ্রিম টাকা না দিলে ম্যাচের আগে অনুশীলন বর্জনের ঘোষণা দেন তারা।
ঘানার ক্রীড়া মন্ত্রী জোসেফ ইয়ামিন জানান, সমস্যার ঘনঘটা বাড়ছে দেখে তাড়াহুড়ো করে ভাড়া করা বিমানে খেলোয়াড়দের জন্য ৩০ লাখ ডলার ব্রাজিলে পাঠিয়ে দিয়েছে সরকার।
ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, সরকার খেলোয়াড়দের ম্যাচ ফি টাকাটা যোগাড় করেছে। ফিফা বিশ্বকাপে ঘানার অংশগ্রহণের অর্থ দিলে সেখান থেকে অর্থটা ফেরত দেয়া হবে।
