বেলজিয়ামের দেখিয়ে দেয়ার ম্যাচ
এক যুগ পর বিশ্বকাপে ফিরলে কী হবে, বেলজিয়ামের গায়ে ‘ডার্ক হর্স’-এর তকমা লাগিয়ে দিয়েছিলেন বিশ্লেষকরাও। প্রথম দুটো ম্যাচ দলটি জিতেছে বটে, কিন্তু বাজিকর-বিশ্লেষকদের আস্থার প্রতিদান কি তাতে খুব একটা ছিল?
ছিল না বলেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বেলজিয়ামের ম্যাচটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় বৃহষ্পতিবার দিবাগত রাত দু’টায় সাও পাওলোর করিস্থিয়ান্স অ্যারেনায় মুখোমুখি হবে দল দুটি। টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করা বেলজিয়াম নামবে সেখানে স্বরূপে প্রত্যাবর্তনের লক্ষ্যে। বিশ্বকাপ জয়ে বাজিকরদের পঞ্চম ফেভারিট হওয়াটা যে বাড়াবাড়ি নয়- সেটি প্রমাণের তাগিদে।
প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ কাটছে যাচ্ছেতাই। তবু শেষ ম্যাচের আগে অন্তত গাণিতিক হিসেবে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেঁচে। রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আলজেরিয়ার কাছে ২-৪ গোলে হার এশিয়ার দেশটি। তাতে দুই ম্যাচে এক পয়েন্টের সঙ্গে গোলপার্থক্যও (-২) সুবিধার না। বেলজিয়াম (৬ পয়েন্ট) নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড, আলজেরিয়া (৩ পয়েন্ট) ও রাশিয়ার (১ পয়েন্ট) সঙ্গে দক্ষিণ কোরিয়ার (১ পয়েন্ট) লড়াই তাই দ্বিতীয় হওয়ার। শেষ ম্যাচে বেলজিয়ামকে যদি বড় ব্যবধানে হারাতে পারে তারা, তাহলে কেবল সম্ভব সেই ত্রিমুখী লড়াইয়ে বিজয়ী হওয়ার। শেষ পর্যন্ত যে সম্ভাবনা কাগজ-কলমে বন্দী থাকার সম্ভাবনাই বেশি!
ওই কাগজ-কলমে বেলজিয়ামের দলটি কিন্তু ভীষণ শক্তিশালী। কিন্তু গত দুই ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে জিততে হয়েছে তাদের। আলজেরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর শেষ ২০ মিনিটের দুই গোলে আর রাশিয়ার বিপক্ষে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে দেওয়া গোলে। গোলের হাহাকারে ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা ক্রিস্টিয়ান বেনটেকের অভাবটা অনুভূত হচ্ছে খুব করে। কেননা রোমেলু লুকাকু যে তাকে ভুলিয়ে দেওয়ার মতো খেলতে ব্যর্থ!
এক রকম ব্যর্থ এডেন হ্যাজার্ডও। হ্যাঁ, দুটো ম্যাচেই জাদুকরী ঝলক দেখা গেছে, দুই খেলাতেই শেষ ১০ মিনিটে বেলজিয়ামের জয়সূচক গোল তাঁর বানিয়ে দেওয়া, তবুও। ক্লাব চেলসি-ফর্মের ধারেকাছেও যে নেই তিনি! সেটি হ্যাজার্ড নিজেও মানছেন। তাই বলছেন এমনটা, “প্রথম ৮০ মিনিটের খেলায় নিজেকে আমি দশে দুই দেব। আর শেষ ১০ মিনিটের খেলায় দশে নয়। আর শুধু নিজের নয়, পুরো দলের খেলাতেই আমি সন্তুষ্ট নই। কেননা এর চেয়ে অনেক ভালো খেলার সামর্থ্য আমাদের আছে।” হ্যাজার্ডদের যে এর চেয়ে ঢের ভালো খেলার সামর্থ্য আছে, এ নিয়ে সংশয় নেই কারো। সেই ভালোটা তারা বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সংশয়টা সেখানেই।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে সেই সংশয় দূর করাটা চ্যালেঞ্জ মার্ক উইলমটসের শিষ্যদের।
ওদিকে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ আশা এক রকম শেষ হয়ে গেছে সর্বশেষ ম্যাচে আলজেরিয়ার কাছে ২-৪ গোলে হেরে। কিন্তু অধিনায়ক কু জা-চিওল তা মনে করেন না। বরং বেলজিয়ামের বিপক্ষে ভালো খেলার জন্য দলকে অনুপ্রাণিত করছেন তিনি, “এখনো কিছু নিশ্চিত হয়নি। যদি আমাদের কোনো আশা না থাকত, তাহলে একটা কথা ছিল। কিন্তু আশা তো এখনো আছে। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে যেমন খেলেছি, তেমনটা খেলতে পারলে বেলজিয়ামের বিপক্ষে আমরা ভালো ফল পাব।” কিন্তু সম্ভাব্য সেই ‘ভালো ফল’ কি আর তাদের নকআউট পর্বে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে?
হয়তো হবে না। বরং এখানে বেলজিয়ামের স্বরূপে প্রত্যাবর্তন বাজাতে পারে ফুটবলে নতুন বিশ্বশক্তির আগমনী সুর। নিরপেক্ষ ফুটবলপ্রেমীরা করিস্থিয়ান্স অ্যারেনায় দৃষ্টি মেলে কান পেতে রইবেন সেই সুর শোনার অপেক্ষাতেই।
