২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপেল্লোর সামনে আবার আলজেরিয়া

সর্বশেষ বিশ্বকাপেও আলজেরিয়ার মুখোমুখি হয়েছিলেন ফাবিও কাপেল্লো। সেবার ইংল্যান্ডের কোচ হিসেবে। এবার রাশিয়ার কোচ হিসেবে ‘মরু শেয়ালরা’ আবার তার সামনে। তাতে  চার বছর আগের গোলশূন্য ড্রয়ের চেয়ে ভালো ফল যদি না এনে দিতে পারেন কাপেল্লো, তাহলে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিকদের ২০১৪ অভিযান শেষ হয়ে যাচ্ছে প্রথম রাউন্ডেই!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহষ্পতিবার বাংলাদেশ সময়  রাত দুইটায় কুরিচিবার আরেনা বাইশাদায় মুখোমুখি হচ্ছে রাশিয়া-আলজেরিয়া। দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া রুশদের সেখানে জিততেই হবে। তারা জিতলেও নিশ্চিত হবে না স্বপ্নপূরণ, তাকিয়ে থাকতে হবে বেলজিয়াম-দক্ষিণ কোরিয়ার ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচের ফলে দিকে। কিন্তু আলজেরিয়ার সেই ‘সমস্যা’ নেই। রাশিয়ার বিপক্ষে জয় তাদের এনে দেবে নকআউট পর্বের টিকেট।

নকআউট পর্বে যেতে পারুক আর না পারুক- ব্রাজিল বিশ্বকাপে নিজেদের ছাপ এরই মধ্যে রেখেছে আলজেরিয়া। বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচে যে গোল করেছে, সেটি বিশ্বকাপে ১৯৮৬ সালের পর দেশটির প্রথম। আর ১৯৮২ আসরের পর প্রথম জয় পেয়েছে তারা পরের খেলায় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। এমন দলকে হারানো তাই সহজ হবে না রাশিয়ার জন্য।

কাপেল্লোর জন্য তো আরো নয়। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, এসি মিলানের মতো পরাশক্তি ক্লাবের কোচ হিসেবে দারুণ সফল ক্যারিয়ার তাঁর। কিন্তু জাতীয় দলের পারফরম্যান্স একেবারে গড়পড়তা। বিশ্বকাপ পারফরম্যান্স তো আরো! ক্যাপেলোর অধীনে ইংল্যান্ড ও রাশিয়াকে মিলে বিশ্বকাপে খেলেছে মোট ছয় ম্যাচ। সেখানে জয় মাত্র একটিতে। আর ইংল্যান্ডের ‘তারকা-মহাতারকা’ নিয়েই যখন চার বছর আগে আলজেরিয়াকে হারাতে পারেননি কাপেল্লো, সেখানে তাঁর এবারের শিষ্য রুশরা তো সামর্থ্যের দিক দিয়ে তুলানামূলক পিছিয়ে। অন্যদিকে গত চার বছরে আবার প্রতিপক্ষ আফ্রিকার দেশটির শক্তি বেড়েছে বেশ। সব মিলিয়ে জয় খুব দুরূহ কাপেলোর জন্য।

তবে আশা তিনি ছাড়ছেন না। আলজেরিয়ার বিপক্ষে জিতে রাশিয়ারকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ এই ইতালিয়ান কোচ, “আমাদের সামনে আর একটি সুযোগই আছে। সেখানে আলজেরিয়ার বিপক্ষে ড্র করে কিছু হবে না। আমি বিশ্বাস করি, জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে।”

তবে একই আশার রেণু  তো উড়ে বেড়াচ্ছে আলজেরিয়া ক্যাম্পেও। সর্বশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর তাদের আত্মবিশ্বাস বরং আরো জোরালো।

অতীতে একবারই কেবল দল দুটি মুখোমুখি হয়েছিল পরষ্পরের। সেটি অর্ধশতাব্দী আগের কথা, যখন রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন। ১৯৬৪ সালের নভেম্বরের সেই প্রীতি ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে।

এই ম্যাচটিতে নিশ্চিতভাবেই থাকবে না ‘প্রীতির আবহ’। আর ড্রয়ের জন্যও খেলবে না কোন দল। সে কারণে রোমাঞ্চকর দ্বৈরথে রূপান্তরিত হতে পারে রাশিয়া-আলজেরিয়ার ম্যাচটি।