আর্জেন্টিনায় ভয় নেই সুইস কোচের
দ্বিতীয় রাউন্ডে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রতিপক্ষ পেয়েও ঘাবড়াচ্ছেন না সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেল্ড।
বুধবার মানাউসের আরেনা আমাজনিয়ায় হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে দলের এই রূপই ভরসা যোগাচ্ছে হিটজফেল্ডকে।
"দ্বিতীয় রাউন্ডে ওঠাটা দারুণ এক প্রেরণা। আমরা এখন খুব অনুপ্রানিত। ইতিহাস গড়তে যাচ্ছি আমরা।"
ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে চলা সুইজারল্যান্ড এখন আর কাউকেই ভয় পাচ্ছে না। লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, গনসালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া সমৃদ্ধ আক্রমণভাগের মুখোমুখি হতে হবে তাদের। তাতে কি? এরপরও আশা দেখছেন সুইজারল্যান্ডের কোচ।
"আমাদের জন্য এই ম্যাচে হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। সঠিক ইতি টানতে হবে আমাদের এবং আরো উন্নতি করতে হবে। আর্জেন্টিনার বিপক্ষেও আমাদের সুযোগ আছে।"
আপাতত অবশ্য খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দেয়ার কথা ভাবছেন হিটজফেল্ড। বুধবার মানাউসের 'কন্ডিশন' তাদের ব্যাপক ভুগিয়েছে বলে দাবি করেন তিনি।
