২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সমীকরণ হন্ডুরাস-সুইজারল্যান্ড ম্যাচে

চার বছর আগে এমনই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দল দুটির। এই একেবারে শেষ ম্যাচে। সেখানে হন্ডুরাসের বিপক্ষে দুই গোলের ব্যবধানে জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠত সুইজারল্যান্ড। কিন্তু গোলশূন্য ড্র করে তারা বিদায় জানায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচে স্পেনকে হারিয়েও লাভ হয়নি কোনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

চার বছর পর সেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবার সুইসরা মুখোমুখি হচ্ছে হন্ডুরাসের। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দুটায় মানাউসে অনুষ্ঠেয় এই লড়াইয়ের আগে কিছুটা সুবিধাজনক অবস্থায় তারা। গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্স যদি প্রত্যাশানুযায়ী ইকুয়েডরকে হারাতে পারে, তাহলে হন্ডুরাসের বিপক্ষে ড্র করলেই চলে সুইজারল্যান্ডের। কিন্তু খেলা দুটো যেহেতু হবে অভিন্ন সময়ে, তাই ওই ম্যাচের ফল দেখে করণীয় ঠিক করার উপায় নেই। জয়ের জন্য ঝাঁপানোর পণ তাই সুইস শিবিরে।

প্রতিজ্ঞা চার বছর আগের স্মৃতি তাড়ানোরও। কোচ ওটমার হিটজফেল্ড সে ব্যাপারে ভীষণ আশাবাদী। দক্ষিণ আফ্রিকার ম্যাচটির কথা তোলায় সাংবাদিকদের উপর বরং কিছুটা খেপেছেনই অভিজ্ঞ এই কোচ, “চার বছর আগের সঙ্গে পরিস্থিতির তুলনা করে লাভ নেই। কারণ আমরা জয়ের জন্য ঝাঁপাব। এটি সরল সমীকরণ। আর বর্তমান দলের আক্রমণের ধার চার বছর আগের চেয়ে অনেক বেশি।” ড্র করলেও যে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন হিটজফেল্ড, “আমাদের জিততেই হবে। কেননা একমাত্র জিতলেই কেবল আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে।”

গ্রুপের বাকি তিন দল নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু হন্ডুরাসের সম্ভাবনাও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। প্রথম দুই ম্যাচে হারের পরও না। কেননা যদি তারা মানাউসে সুইজারল্যান্ডকে হারাতে পারে এবং ফ্রান্স অন্য খেলায় হারায় ইকুয়েডরকে তখন ফরাসিরা বাদে অন্য তিন দলের পয়েন্ট হবে সমান ৩। গোল পার্থক্য, বেশি গোল করা, মুখোমুখি লড়াইয়ের ফল, ইত্যাদিতে তখন নির্ধারিত হবে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের সঙ্গী। হন্ডুরাসের মিডফিল্ডার উইলসন পালাসিওস বলছেন তাই, “নিজেদের আরো বেশি নিংড়ে দেব আমরা। জানি, লক্ষ্য অর্জন খুব কঠিন। কিন্তু আশা যেহেতু আছে, আমরা লড়ে যাব।”

চার বছর আগে হন্ডুরাসের সামনে নিজেদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ছিল না। এবার আছে। তখন যদি গোলশূণ্য ড্র করতে পারে তারা, এবার জয় তাহলে ছিনিয়ে নিতে পারবে না কেন!