২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের জালে কলম্বিয়ার গোল উৎসব

আগেই শেষ ষোল নিশ্চিত হয়েছিল কলম্বিয়ার। জাপানকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে লাতিন আমেরিকার দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:31 AM

Updated : 25 Apr 2022, 04:22 PM

কলম্বিয়ার পক্ষে দুটি গোল করেন জ্যাকসন মার্তিনেস। একটি করে গোল করেন হামেস রদ্রিগেস ও হুয়ান কাদরাদো।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা কলম্বিয়া দ্বিতীয় রাউন্ডে খেলবে উরুগুয়ের বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় কোত দি ভোয়াকে ২-১ গোলে হারানো গ্রিস পরের রাউন্ডে কলম্বিয়ার সঙ্গী।

কুইয়াবার আরেনা পানতানালে শুরুতে কলম্বিয়ার রক্ষণভাগের ওপর চাপ তৈরি করেছিল জাপানই। তবে খেলার ধারার বিপরীতেই ১৮তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া।

ইয়াসুউইকি কোন্নো আদ্রিয়ান রামোসকে ফাউল করলে পেনাল্টি পায় হোসে পেকারমানের দলটি। তা থেকে গোল করে দলকে এগিয়ে নেন কাদরাদো।

২৭তম মিনিটে শিনজি কাগাওয়ার দারুণ একটি প্রচেষ্টা অল্পের জন্য ব্যর্থ হয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে জাপানকে সমতায় ফেরান শিনজি ওকাজাকি। কেইসুকে হোন্দার ক্রস থেকে তার হেড ফেরানোর কোনো সুযোগই ছিল না কলম্বিয়ার গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দলকে আবারো এগিয়ে দেন মার্তিনেস। ডি বক্সে রদ্রিগেসের পাস থেকে গোল করেন তিনি। গত ফেব্রুয়ারির পর থেকে এটাই তার প্রথম গোল।

ফের পিছিয়ে পড়ার পর আবার আক্রমণাত্মক ফুটবলে ফিরে জাপান। ৫৮, ৬০, ৬৬ মিনিটে এশিয়ার দলটির তিনটি আক্রমণ অল্পের জন্য ব্যর্থ হয়ে যায়। ৬৭তম মিনিটে পেনাল্টিও পেতে পারতো দলটি।

খেলার ধারার বিপরীতেই ৮২তম মিনিটে মার্তিনসের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় কলম্বিয়া। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

৯০তম মিনিটে রদ্রিগেসের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। রামোসের কাছ থেকে বল পেয়ে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে জাপানের জাল খুঁজে পান তিনি।