ডাচদের রক্ষণাত্মক বললেন চিলি কোচ
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে হেরে যাওয়ার পর চিলির কোচ প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল কৌশলের অভিযোগ এনেছেন। গ্রুপের শেষ ম্যাচটিতে জয় ডাচদের প্রাপ্য ছিল না বলেই মনে করেন হোর্হে সামপাওলি।
গ্রুপ পর্বের তিন ম্যাচে ১০ গোল। এর মধ্যে আছে সোমবার আরেনা দে সাও পাওলোতে চিলির বিপক্ষে করা দুটি গোলও। এর পরও নেদারল্যান্ডসকে নেতিবাচক ফুটবল খেলার জন্য দুষলেন সামপাওলি।
"ম্যাচটি তারা জিতেছে, কিন্তু আমি এটাকে অন্যায়ই বলব। কারণ চিলি খুব আক্রমলাত্মক ফুটবল খেলেছে। আসলে আমরা খেলতে চেয়েছি, তারা সেটা চায়নি।"
অসাধারণ দুটি প্রতি আক্রমণ থেকে পাওয়া ২ গোলে চিলিকে হারাতে পারায় দ্বিতীয় রাউন্ডে ডাচরা আসলে স্বাগতিক ব্রাজিলকে এড়াতে পেরেছে। চিলির সঙ্গে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলকে এড়াতে পারত তারা।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের প্লে-মেকার ভেসলি স্নেইডারকে সামপাওলির করা মন্তব্যটি শোনান সাংবাদিকরা। নেতিবাচক ফুটবল খেলার অভিযোগটি উড়িয়ে দেন তিনি।
"আজ আমরা কিছু করিনি এটা বলা অপমানকর। কারণ ২-০ গোলে জিতেছি আমরাই।"
শেষ পর্যন্ত ব্রাজিলকে এড়াতে পারেনি বলে খুব বেশি আক্ষেপ নেই চিলির। নকআউট পর্বে তারা যেকোনো প্রতিপক্ষকে মোকাবেলা করতেই প্রস্তুত বলে জানান সামপাওলি।
"যার সঙ্গেই খেলি না কেন, এটা কঠিন লড়াইয়ের এক ম্যাচ হবে...আমদের প্রতিপক্ষরা জানবে, ৯০ মিনিট লড়াই করতে পারা একটি দলের সঙ্গেই খলতে যাচ্ছে তারা।"
