'বস' রাফার বন্দনায় এররেরা
সতীর্থরা তাকে ডাকেন 'বস' বলে। কোচের কাছে তিনি চিরসবুজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের নায়ক 'বস' রাফায়েল মার্কেসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মেক্সিকোর কোচ মিগেল এররেরা।
সোমবার রেসিফির আরেনা পের্নামবুকোয় ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে ওঠে মেক্সিকো। গোল করে এবং করিয়ে এই জয়ে বড় ভূমিকা রাখেন ডিফেন্ডার রাফায়েল মার্কেস।
চতুর্থ বিশ্বকাপ খেলা মার্কেস মেক্সিকোকে এগিয়ে দেন ৭২তম মিনিটে। কর্নার থেকে অসাধারণ এক হেডে গোলটি করেন তিনি। ১০ মিনিট পর বদলি হাভিয়ের এরনান্দেসের গোলটির উৎস ছিলেন মেক্সিকোর অধিনায়ক।
বয়স ৩৫ বছর বয়সী মার্কেসের ওপর ভরসা রাখার কারণ ম্যাচ শেষে জানালেন এররেরা।
"রাফা, আমি তাকে ডাকলাম এবং অধিনায়ক হতে আর দলকে নেতৃত্ব নিতে বললাম ।"
দলের নেতৃত্ব দিচ্ছেন, সবাইকে এক সুতোয় গেথে রাখছেন; আর বয়সটাও অন্যদের চেয়ে বেশি। এ কারণে দলের অন্য সদস্যরা মার্কেসকে 'বস' বলে ডাকেন।
প্রথমার্ধে গোল না পাওয়া মেক্সিকো জয়ের জন্য নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনে এবং এতে সফলও হন এররেরা।
"বিরতিতে আমরা রাফাকে সামনে খেলানোর ব্যাপারে আলোচনা করি। এর পর প্রথম গোলটি পেয়ে তো আমরা বেজায় খুশি।"
