জয়টাকেই প্রাধান্য দিচ্ছেন উইলমটস
সুন্দর ফুটবল নয়, জয়টাকেই প্রাধান্য দিচ্ছেন বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস। রোববার রাশিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর তিনি জানান, তিন পয়েন্ট পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে উইলমটস বলেন, “টুর্নামেন্টে সামনে এগিয়ে যেতে আপনার সবসময় ভালো খেলার দরকার নেই। আমার বিশ্বাস সেটার জন্যে আপনাকে দক্ষ হতে হবে।”
উইলমটস আরো বলেন, “বিবেচনা করা হবে বেলজিয়াম একটি ভালো জয় পেয়েছে আর দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বাকি আর কোনো কিছুরই গুরুত্ব নেই।”
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ৮৮ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর দিভোক ওরিগির গোলে জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৭০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পর ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের আসরের ‘কালো ঘোড়া’ বেলজিয়াম।
