ঘানার সঙ্গে ড্রর পরও আত্মবিশ্বাসী লুভ
ঘানার সঙ্গে অপ্রত্যাশিত ড্র করার পরও দ্বিতীয় রাউন্ডে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী জার্মানির কোচ ইওয়াখিম লুভ।
শনিবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে ঘানা ও জার্মানির ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের নাটকীয়তায় ২-২ গোলে ড্র হয়।
প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জার্মানির শুরুটা ছিল দুর্দান্ত। তবে পরের ম্যাচ ড্র করায় তিনবারের চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ডে উঠতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
“(দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রশ্নে) আমাদের অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি। আমার বিশ্বাস, শেষ ম্যাচে আমরা ভালো অবস্থায় থাকব।”
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রপের শীর্ষে আছে জার্মানি। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে রেসিফিতে মুখোমুখি হবে এই দুটি দল।
ঘানার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে মারিও গোটসের গোলে এগিয়ে যায় জার্মানি। তিন মিনিট পরেই আন্দ্রে আইয়ু সমতা ফেরান। খানিক বাদে আসামোয়াহ জিয়ানের লক্ষ্যভেদে পিছিয়ে পড়ে জার্মানি।
তবে ৬৯তম মিনিটে বদলি নেমে কিছুক্ষণের মধ্যে বল জালে পাঠিয়ে জার্মানিকে স্বস্তির সমতায় ফেরান মিরোস্লাভ ক্লোসা। গোলটি করে ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
লুভ মনে করেন, দ্বিতীয়ার্ধে দুটি দলই জয়ের লক্ষ্যে মরিয়া থাকায় দর্শকেরা রোমাঞ্চকর লড়াই দেখেছেন। তার বিশ্বাস ড্র হলেও বারবার পট পরিবর্তনের ম্যাচ দর্শকেরা উপভোগই করেছেন।
