রাশিয়ার বিপক্ষে বেলজিয়ামের প্রমাণের ম্যাচ
এবারের বিশ্বকাপের ‘কালো ঘোড়া’ বেলজিয়াম কতোটা কী করতে পারে, সেটির বড় পরীক্ষা রাশিয়ার বিপক্ষে। টুর্নামেন্টের আগে থেকেই তাদের উপর বিশ্লেষক ও বাজিকররা ভরসা করেছিল। বাংলাদেশ সময় রোববার রাত দশটায় শুরু হতে যাওয়া মারাকানার ম্যাচটিতে তা প্রমাণের দায় থাকবে বেলজিয়ামের।
প্রথম ম্যাচে কিন্তু আস্থার প্রতিদান সেভাবে দিতে পারেনি বেলজিয়াম। প্রতিপক্ষ আলজেরিয়ার মতো গড়পড়তা দল। কিন্তু তাদের বিপক্ষে জিততেই ঘাম বেরিয়ে গেছে বেলজিয়ামের। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ম্যাচে তো পিছিয়েই ছিল! দুই বদলি খেলোয়াড় মারুয়ান ফেলাইনি ও ড্রিস মের্টেনসের গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় মেলে। রাশিয়ার বিপক্ষে যে এর চেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করে আছে, সেটি না বললেও চলছে।
অবশ্য বেলজিয়ামের মতো রাশিয়ার শুরুটাও ঝলমলে হয়নি। ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দাবিদার তারা। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচই তারা ড্র করেছে ১-১ গোলে। বেলজিয়ামের বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কাটা বড় হয়ে উঠবে!
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগে বেলজিয়ামের দুশ্চিন্তা হয়ে আছে ভিনসেন্ট কোম্পানি। আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে কুঁচকির চোটে পড়েছেন তিনি। এরপর দু’দিন পারেননি দলের সঙ্গে অনুশীলন করতে। কোচ মার্ক উইলমটস অবশ্য আশাবাদী, রাশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঠিকই সুস্থ হয়ে উঠবেন এই সেন্টার-হাফ।
বেলজিয়ামের দুশ্চিন্তার আরেক জায়গা এডেন হ্যাজার্ডের ফর্ম। ক্লাব চেলসির বিধ্বংসী রূপে প্রথম ম্যাচে দেখা যায়নি তাকে। প্রতিপক্ষের ফাউলে ফাউলে জর্জরিত হয়েই দলের সেরা খেলোয়াড়ের এই অবস্থা বলে বেলজিয়াম ক্যাম্পের মত। সে কারণে রাশিয়ার বিপক্ষে ম্যাচে রেফারির কাছ থেকে আরো সুরক্ষা দাবি তাদের। মিডফিল্ডার মুসা দেম্বেলে যেমন বলেছেন, “সবাই জানে, এডেন অবিশ্বাস্য এক প্রতিভা। আমরা এও জানি যে, ওকে থামানোর জন্য লাথি মারা হবে। আশা করি, রেফারি ওকে সুরক্ষা দেবেন।”
২০০২ সালের পর বিশ্বকাপে ফেরা দল দুটির পার্থক্য হয়ে উঠতে পারেন এই হ্যাজার্ডই।
রাশিয়া-ক্যাম্পে কেবল যে হ্যাজার্ডকে নিয়ে উদ্বেগ, তা কিন্তু না। বরং পুরো স্কোয়াডকেই সমীহ তাদের। বেলজিয়ামের ২৩ জনের মধ্যে ১১জনই খেলেন ইংলিশ লিগে। ইংল্যান্ডের কোচ হিসেবে দীর্ঘ সময় কাটানো রাশিয়ার বর্তমান কোচ ফাবিও কাপেল্লো এটিকে দেখছেন প্রতিপক্ষের শক্তির জায়গা হিসেবে, “বেলজিয়ামের মতো দলগুলো এ থেকে উপকৃত হচ্ছে। তাদের জন্য ইংলিশ লিগে খেলাটা দারুণ ব্যাপার।” তারপরও এই ম্যাচে ভালো করার জন্য মরিয়া কাপেল্লো। উদ্দীপনা হিসেবে যোগ হচ্ছে মারাকানা। এই ফুটবল তীর্থে খেলাটি যে বিশেষ কিছু হতে যাচ্ছে, সেটিই বলেছেন রাশিয়ার কোচ, “ফুটবলে কিছু কিছু স্টেডিয়ামে আপনাকে বিশেষ অনুভূতি উপহার দেবেই। ইতালিতে যেমন সান সিরো, ইউরোপের প্রেক্ষাপটে ওয়েম্বলি-বার্নাবেউ আর বৈশ্বিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে মারাকানা। ফুটবলে যারা আছে, তারা সবাই স্বপ্ন দেখে কোনো এক দিন মারাকানায় কোনো অর্জন হবে তাদের।” রাশিয়ার জন্য সেই সম্ভাব্য অর্জন বেলজিয়ামকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের কক্ষপথে ফেরা।
আর বেলজিয়ামের জন্য মারাকানার হাতছানি, রাশিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা। সেক্ষেত্রে রেস জয়ের পথে ‘কালো ঘোড়া’ ফেলবে বড় এক পদক্ষেপ! অন্তত ১৯৯৪ সালের কলম্বিয়ার মতো প্রথম রাউন্ডেই তো আর মুখ থুবড়ে পড়বে না।
