২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিনফিভেই ভরসা কাপেল্লোর

বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও রাশিয়ার কোচ গোলবারের নিচে আকিনফিভের ওপরই ভরসা রাখছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 03:06 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

গত মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে রাশিয়া। এই ম্যাচে গোলরক্ষক আকিনফিভের ভুলে এগিয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। লি কিউন হোর দূরপাল্লার একটি শট তার হাত ফসকে গোলে ঢুকে যায়।

দ্বিতীয় পর্বে ওঠার জন্য তাদের পরের দুটি ম্যাচে অবশ্যই ভালো খেলতে হবে। আগের ম্যাচের ড্রয়ের পর ১ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গেই আছে রাশিয়া। আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বেলজিয়াম।

অনেকেই মনে করছেন, রোববার বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আকিনফিভকে হয়ত শুরুর একাদশে রাখবেন না রাশিয়ার কোচ ফাবিও কাপেল্লো। কিন্তু ইতালির এই কোচের ভাবনাটা অন্যরকম।

"কিছু খেলোয়াড়ের পেনাল্টি মিস করার মতো গোলরক্ষকও ভুল করতে পারে। আকিফিভের মতো ভালো একজন গোলরক্ষকের একটি ভুল আপনি মেনে নিতেই পারেন।"

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর তার দল যেমন খেলেছে, তাতে খুব খুশি কাপেল্লো। বেলজিয়ামের বিপক্ষেও তিনি এই খেলাই চান দলের কাছে।