ফাইনাল খেলতে নেই হলুদ কার্ডের বাধা
ব্রাজিল বিশ্বকাপেও দুই ম্যাচে দুটি হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে কোনো খেলোয়াড়ের বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন নষ্ট হচ্ছে না।
ফিফার নিয়ম অনুযায়ী ভিন্ন দুটি ম্যাচে কোনো খেলোয়াড় হলুদ কার্ড পেলে পরের ম্যাচে তিনি খেলতে পারেন না। ২০০২ সালের বিশ্বকাপে দুটি হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে ফাইনাল খেলতে পারেননি জার্মানির মিখায়েল বালাক।
২০১০ সালের বিশ্বকাপে তাই নিয়মটার ব্যতিক্রম করা হয়েছিল যাতে ফাইনালে খেলতে কোনো ফুটবলার যেনো হলুদ কার্ডের খাঁড়ায় না পড়ে।
এবার ব্রাজিল বিশ্বকাপেও নিয়মে ব্যতিক্রম করা হলো। ফিফা জানিয়েছে, কোয়ার্টার-ফাইনালের পর আগের ম্যাচগুলোতে পাওয়া একটি হলুদ কার্ড আর বিবেচনায় আনা হবে না।
ফলে আগে একটি হলুদ কার্ড পাওয়া কোনো খেলোয়াড় সেমি-ফাইনালে হলুদ কার্ড দেখলেও তার ফাইনাল খেলতে কোনো বাধা থাকবে না।
সেমি-ফাইনালে কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড কিংবা সরাসরি লাল কার্ড পেলে পরের ম্যাচে তার খেলতে না পারার আগের নিয়মে কোনো পরিবর্তন আসছে না।
