২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বেনজেমা-বন্দনা

মেসি-নেইমারদের মতো ঘরে ঘরে উচ্চারিত নাম নন তিনি। রবেন-ফন পের্সিদের মতো বাহারি খেলোয়াড়ও তিনি নন। তবে ব্রাজিল বিশ্বকাপকে ঠিকই নিজের আলোয় আলোকিত করে চলেছেন করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 07:32 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শুক্রবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-২ গোলের দারুণ এক জয় পেল ফ্রান্স। এর পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মেতেছেন বেনজেমা-বন্দনায়।

হন্ডুরাসের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচে জোড়া গোল করা বেনজেমা সুইজারল্যান্ডের বিপক্ষেও অসাধারণ খেলেন। একটি মাত্র গোল পেলেও ফ্রান্সের আক্রমণাত্মক খেলার মূল চালিকাশক্তি ছিলেন বেনজেমা। সতীর্থদের দুটি গোলে আছে তার অবদান।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারালেও ব্রাজিল বিশ্বকাপে নিজের গোলের সংখ্যাটা তিনে নিয়ে গেছেন তিনি। ম্যাচ শেষে ২৬ বছর বয়সী বেনজেমাকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান দেশম।

"বেনজেমা প্রমাণ করেছে যে, ও ভালো অবস্থায় আছে। ও খুব উচ্ছ্বল একটা মানুষ এবং সেরা মানের খেলোয়াড়।"

ম্যাচ শেষে বেনজেমা প্রশংসা পেলেন প্রতিপক্ষের কোচ ওটমার হিটজফেল্ডের কাছ থেকেও।  

"আমি মনে করি, বেনজেমা শীর্ষ মানের খেলোয়াড়। ফাঁকা জায়গার সর্বোচ্চ সদ্ব্যবহার করে সে, সত্যিকার অর্থেই দলের জন্য লড়াই করে আর গোল করে। সবগুলো ম্যাচে সে সেটা প্রমাণ করেছে।"

ভাগ্য একটু বঞ্চনা না করলে নিজের এবং প্রতিপক্ষ কোচের এই প্রশংসা বেনজেমার কাছে হয়ত আরো মধুরই লাগত।

এই ম্যাচে আরো একটি গোল পেতে পারতেন বেনজেমা। ম্যাচের শেষ মিনিটে তার শট সুইজারল্যান্ডের জালে জড়ালেও গোল দেননি রেফারি। এর আগেই তিনি ম্যাচ শেষের লম্বা বাঁশি বাজিয়ে দেন।

তবে এ নিয়ে আক্ষেপ নেই বেনজেমার। ম্যাচ শেষে দলের জয়টাকেই বড় করে দেখেন তিনি।

"আমি রেফারির বাঁশি শুনতে পাইনি, এই কারণেই শট নিয়েছিলাম এবং গোল পাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে দলের জয় এবং সেটা কিভাবে এসেছে।"