পরাজয়েই প্রেরণা খুঁজছে বসনিয়া
আর্জেন্টিনার কাছে পরাজয়ে কেউ যদি বিশ্বকাপে নতুন আসা বসনিয়া-হার্জেগোভিনার ছিটকে পড়ার সম্ভাবনা দেখে থাকে, তাহলে সে ভুলই করবে। বসনিয়া দলে ওই হার নিয়ে কোনো হাপিত্যেশ নেই। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে বরং ওই হারেই প্রেরণা খুঁজছে বলকান দেশটি।
নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে শনিবার কুইয়াবার আরেনা পানতানালে নাইজেরিয়ার মুখোমুখি হবে বসনিয়া। এ ম্যাচের আগে বিশ্বকাপে নিজেদের একমাত্র ম্যাচের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বসনিয়ার প্লে-মেকার ভিয়েজান মিসিমোভিচ।
"আর্জেন্টিনার মতো একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের নিজেদের পরিমাপ করতে পারার কথা নয়। কিন্তু সেই ম্যাচের মতো খেলতে পারলেই ব্রাজিলে আমরা কিছু অর্জন করতে পারব।"
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এদিন জেকো তো আছেনই। এ ছাড়াও বসনিয়া দলে আছে ইতালির সিরি আর মিরালেম পিয়ানিচ আর জার্মানির বুন্দেসলিগার ফরোয়ার্ড ভেদাদ ইবিসেভিচের মতো প্রতিভা।
নাইজেরিয়ার বিপক্ষে এদের জ্বলে উঠতে দেখতে চান মিসিমোভিচ। এরা জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হবে না বলেই মনে করেন তিনি।
ইবিসেভিচও জানান, আরো ভালো কিছু করতে চান তিনি। আর জেকো প্রথম ম্যাচে তার আপন আলোয় জ্বলে উঠতে পারেননি। এ ম্যাচে তিনিও কিছু করে দেখাতে চাইবেন।
সবকিছু এক বিন্দুতে মিলে গেলে শনিবার নাইজেরিয়ার বিপক্ষেই হয়ত বিশ্বকাপে প্রথম জয়ের আনন্দে ভাসতে পারবে বসনিয়া।
