২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারাল সুয়ারেসের উরুগুয়ে

আগের ম্যাচে খেলতে পারেননি; ডাগ আউটে বসে দেখেছেন কোস্টা রিকার কাছে দলের অসহায় আত্মসমর্পণ। চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই উরুগুয়েকে আশা বাঁচিয়ে রাখা এক জয় এনে দিয়েছেন সুয়ারেস। দুই অর্ধে তারকা এই স্ট্রাইকারের দুই গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 03:05 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

কোস্টা রিকার কাছে প্রথম ম্যাচে ৩-১ গোলে হারার পর এই জয়ে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে টিকে থাকলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আশা। অন্যদিকে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কোস্টা রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও চোখ রাখতে হবে ইতালি-উরুগুয়ে ম্যাচের দিকে।

বৃহস্পতিবার আরেনা দে সাও পাওলোয় আগের ম্যাচের শুরুর একাদশ নিয়েই নেমেছিল ইংল্যান্ড। তবে অস্কার তাবারেসের উরুগুয়ে দলে ছিল পাঁচটি পরিবর্তন, যার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ছিল সুয়ারেসের মাঠে ফেরাটা।

মাত্র চার সপ্তাহ আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল সুয়ারেসের। কিন্তু দ্বিগুণ-তিনগুণ পরিশ্রম করে ফিরে আসার জন্য প্রস্তুত হয়েছেন তিনি। আর দলে ফিরতেই জাদুর ছোঁয়ায় যেন বদলে গেল উরুগুয়ে।

ম্যাচের দশম মিনিটে অবশ্য প্রথম সত্যিকারের সুযোগটি পেয়েছিল ইংল্যান্ড। বিপজ্জনক জায়গা থেকে রুনির ডান পায়ের ফ্রি-কিক ফেরানোর আশা ছেড়েই দিয়েছিলেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। কিন্তু বাঁ দিকের বার ঘেঁষে বল চলে যাওয়ায় বেঁচে যায় উরুগুয়ে।

১৫তম মিনিটে সুযোগ এসেছিল উরুগুয়ের সামনেও। ফিল জাগিয়েলকা ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারায় বল পেয়েছিলেন ক্রিস্তিয়ান রদ্রিগেস। আতলেকো মাদ্রিদের এই মিডফিল্ডারের জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে বেঁচে যায় ইংল্যান্ড।

৩১তম মিনিটে আবার হতাশায় পুড়তে হয় ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। স্টিভেন জেরার্ডের ফ্রি-কিক থেকে রুনির হেড ফেরে ক্রসবারে লেগে।

এরপর শুরু সুয়ারেস জাদু। ৩৯তম মিনিটে লিভারপুল ফরোয়ার্ডের এই গোলে অবদান কম নয় এদিনসন কাভানির। পিএসজি স্ট্রাইকার এমনভাবে ক্রসটি করলেন যে তার নাগাল পাননি ইংল্যান্ড ডিভেন্ডার জাগিয়েলকা; কিন্তু তার পেছনে থাকা সুয়ারেসের নিখুঁত হেড পৌঁছায় জালে।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩১ গোল করা সুয়ারেসের দেশের হয়ে এটি ৪০তম গোল।

দ্বিতীয়ার্ধের প্রথম ছয় মিনিট একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণভাগে প্রচণ্ড চাপ তৈরি করে উরুগুয়ে। এর মধ্যে শেষ মিনিটের আক্রমণ থেকে গোলের সহজ সুযোগটি হাতছাড়া করেন কাভানি। সুয়ারেসের ডিফেন্স চেরা পাস থেকে গোলরক্ষককে একা পেয়েছিলেন পিএসজি তারকা। কিন্তু হার্টকে এড়িয়ে শট করতে গিয়ে বাইরে মেরে দেন তিনি।

পরের কয়েক মিনিটে জবাব দেয় রয় হজসনের শিষ্যরা। ৫৪তম মিনিটে তো গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন রুনি। লেইটন বেইনসের ক্রসে রুনির জোরালো শট ব্যর্থ করে দিয়ে আবারো উরুগুয়ের ত্রাতা মুসলেরা।

তবে ৭৫তম মিনিটে রুনিকে আর আটকানো যায়নি। জনসনের ক্রস থেকে রুনির শট বাঁ দিকে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মুসলেরা। বিশ্বকাপে রুনির প্রথম গোলে সমতা ফেরায় ইংল্যান্ড।

তিন মিনিট পর এগিয়েও যেতে পারতো ইংল্যান্ড। ড্যানিয়েল স্টারিজের শট থেকে আবারো দলকে রক্ষা করেন মুসলেরা।

সমতা ফেরানোর স্বস্তি বেশিক্ষণ থাকেনি ইংল্যান্ড শিবিরে। ম্যাচের ৮০তম মিনিটে গোলরক্ষক মুসলেরার সোজাসুজি একটি কিক জেরার্ডের মাথা ছুঁয়ে চলে যায় সুয়ারেসের কাছে। ডি বক্সের ভেতর বলটি প্রথমে আয়ত্বে এনে জোড়ালো কোনাকুনি শটে হার্টকে পরাস্ত করে দলকে আবার এগিয়ে নেন সুয়ারেস।

গ্রুপ ডি:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
কোস্টা রিকা ১১০০৩১+২৩
ইতালি১১০০২১+১৩
উরুগুয়ে২১০১৩৪−১৩
ইংল্যান্ড২০০২২৪−২০