বিশ্বকাপে কখনো হারেননি পেকারমান!
বিশ্বকাপের মঞ্চে এখনও হারের স্বাদটা পাননি কলম্বিয়ার কোচ জোসে পেকারমান। ২০০৬ সালে তিনি ছিলেন আর্জেন্টিনার কোচ। জার্মানির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে হারেনি তার দল। শেষে টাইব্রেকারে হেরে বাদ পড়ে আর্জেন্টিনা।
ট্রাইবেকারের মীমাংসা হওয়া ম্যাচ পরিসংখ্যানের পাতায় লেখা হয় ড্র হিসেবে। সে হিসেবেই ব্রাজিল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত কলম্বিয়া কোচ এখনও অপরাজিত।
‘সি’ গ্রুপের এই ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া
ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯
ম্যাচ শুরু: বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা
রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)
# এই বিশ্বকাপেই প্রথম ম্যাচে গ্রিসের বিপক্ষে ৩-০ গোলের জয় বিশ্বকাপে কলম্বিয়ার সবচেয়ে বড় জয়।
# এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলছে কলম্বিয়া। আগের চারবারের মধ্যে একবারই মাত্র দ্বিতীয় রাউন্ডে উঠেছে দলটি, সেটাই বিশ্বকাপে তাদের সেরা সাফল্য। আর কোত দি ভোয়া (আইভরি কোস্ট) এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে। আগের দুইবারের কখনই গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা।
# দুটি দেশই একবার করে তাদের মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ২০০১ সালে লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতা ‘কোপা আমেরিকা’ জিতেছিল কলম্বিয়া আর ১৯৯২ সালে আফ্রিকান নেশন্স কাপ জেতে কোত দি ভোয়া।
# এর আগে কখনই একে অপরের বিপক্ষে খেলেনি দল দুটি।
