এই স্পেনকেই এগিয়ে রাখছেন তোরেস
নেদারল্যান্ডসের কাছে স্পেনের ৫-১ গোলের হার নিয়ে এখনো কাটাছেড়া চলছে ফুটবল বিশ্বে। সে সবে কান না দিয়ে ফরোয়ার্ড ফের্নান্দো তোরেস সামনের দিকেই তাকাতে চান। তার কাছে স্পেনের এই দল ২০১০-এর বিশ্বজয়ী দলের চেয়েও ভালো।
আন্তর্জাতিক ফুটবলে ৫১ বছরের মধ্যে এটি স্পেনের সবচেয়ে বড় পরাজয়। ডাচদের কাছে স্পেনের 'তিকি-তাকা' পাসের সৌন্দর্য উড়ে যাওয়ার পরও তোরেস বর্তমান দলটিকেই এগিয়ে রাখছেন।
"আমরা এখনো আগের মতো একই রকম আছি। অথবা চার বছরের আগের মতোই আছি। দল বয়সের দিক থেকে আরো পরিণত হয়েছে। এই দলকে বাজে বলার কিছু নেই। আমি তো বলব, এই দলটি আগের চেয়ে আরো ভালো।"
বুধবার চিলির বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে স্পেন। ডাচ-হতাশা ভুলে এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত বলে উল্লেখ করেন তোরেস।
ফুটবলে ভালো সময়, খারাপ সময় আসেই। এটা মেনে নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে মানসিক দিক দিয়ে চাঙ্গা অবস্থায় থাকা চিলির বিপক্ষে খেলতে নামবেন তোরসেরা।
তবে একটি ম্যাচের বাজে ফল করার জন্য স্পেন তাদের ফুটবল-দর্শনে কোনো পরিবর্তন আনবে না বলেই জানান তোরেস।
স্পেনের সংবাদমাধ্যমে ডাচদের বিরুদ্ধে হারটি নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। হয়ত সান্ত্বনা খুঁজতেই কিছু গণমাধ্যম আবার একটি হিসেবও সামনে তুলে এনেছে।
গত বিশ্বকাপেও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল স্পেন। কিন্তু ওই হারের পর আর পেছন ফিরে তাকায়নি তারা। ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে প্রথম শিরোপার জেতে তারা।
চিলির বিপক্ষে ম্যাচের আগে তোরেসও স্মরণ করছেন পুরনো সেই ইতিহাস। বিশ্বকাপে স্পেন এই পরিস্থিতি মোকাবেলা করে শিরোপা জিতেছে বলেন তোরেস। এবারও এর পূনরাবৃত্তি হতে পারে বলে মনে করেন তিনি।
