গোপন থাকল মেসিদের বসনিয়া পরিকল্পনা
আর্জেন্টিনাকে অঘটনের হুমকি দিয়ে রেখেছেন বসনিয়া-হার্জেগোভিনা কোচ। মাঠে এর জবাব কিভাবে দেবেন আলেহান্দ্রো সাবেইয়া? কতটা আক্রমণাত্মক পরিকল্পনা নিয়ে নামবেন তিনি? আর্জেন্টিনা কোচ এ বিষয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোনো কথাই বলেননি।
শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় এই প্রথম বিশ্বকাপে আসা বসনিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ম্যাচের ভেন্যু মারাকানায় শনিবার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা গোপন রাখারই সিদ্ধান্ত নেন।
"শেষ মিনিট পর্যন্ত আমি খেলোয়াড়দের মূল্যায়ন করব এবং এর পর সিদ্ধান্ত নেব ৯০ মিনিট খেলার জন্য কারা ভালো অবস্থায় আছে।"
বসনিয়া-হার্জেগোভিনার কোচ সাফেত সুসিচ বলে রেখছেন, মেসি-আগুয়েরো-হিগুয়াইন সমৃদ্ধ আর্জেন্টিনার ফরোয়ার্ডকে আক্রমণাত্মক ফুটবল খেলেই জবাব দেবে তার দল। গোল করার জন্য তারাও আর্জেন্টিনার রক্ষণে হানা দেবে বলে জানান সুসিচ।
গোল পাওয়ার জন্য তিন ফরোয়ার্ড আর দুই জন আক্রমণাত্মক মিডফিল্ডার খেলানোর পরিকল্পনার কথাও বলেন বসনিয়া কোচ।
ফরোয়ার্ড বেশি থাকলেই বেশি গোল পাওয়া যাবে বলে মনে করেন না তিনি।
তবে দলকে দিয়ে দুটি ফর্মেশনে খেলার অনুশীলন করে রাখার কথা জানান সাবেইয়া। এর একটা ৪-৩-৩, আরেকটা ৫-৩-২।
এর চেয়ে একটু বেশিই জানতে চেয়েছিল সাংবাদিকরা। কিন্তু সাবেইয়া কোনোভাবেই মুখ খুলতে রাজি হননি। দলকে আরো ভালোভাবে বোঝা আর সবকিছু ভাবার জন্য আরো একটি রাত আছে বলেন তিনি।
ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলছেন দেখে আর্জেন্টিনার এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেন, "শ্রদ্ধা রেখেই বলছি, এখনো আপনার দলকে না চেনাটা একটু কি দেরি হয়ে গেলো না?"
সাবেইয়া ঠাণ্ডা মাথায়ই এই প্রশ্নের উত্তর দেন। তিনি যে এই কথাটা পরিকল্পনা গোপন করার জন্যই বলেছেন, ওই সাংবাদিককে জানিয়ে দিলেন সেটাই।
এমনিতে বিশ্বকাপে অভিষিক্ত দলের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড অনেক ভালো। তৃতীয় বিশ্বকাপের সন্ধানে ব্রাজিলে পা রাখা আর্জেন্টিনা এর আগে বিশ্বকাপে নতুন আসা ১০টি দলের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৯টিই জিতেছে তারা, বাকি ম্যাচটি করেছে ড্র।
বিশ্বকাপ অভিষেকে বসনিয়ার ভাগ্য কী হবে, সেটা জানা যাচ্ছে শনিবার রাতেই।
