২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতটা আশা করেননি ফন গাল

স্পেনকে হারিয়ে গত বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নেয়ার প্রত্যয় ছিল নেদারল্যান্ডস দলে। সেই প্রতিশোধ যে এত মধুর হবে, তা ভাবতে পারেননি ডাচ কোচ লুইস ফন গাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 05:15 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

জোহানেসবার্গে গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল নেদারল্যান্ডস। এবার এই দুই দলের দেখা হয়ে গেছে গ্রুপ পর্বেই। শুক্রবার সালভাদরে গ্রুপ পর্বের সেই ম্যাচে স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা।

ম্যাচ শেষে ফন গাল বললেন, স্পেনের বিপক্ষে পাওয়া ফলটা তার আশার পরিধিকে ছাড়িয়ে গেছে।

“ম্যাচটি যে এভাবে এগোবে, তা আমি আশা করিনি। ব্যবধানটা ৬-১ অথবা আরো বেশিও হতে পারত।”

বিশ্বকাপের শুরুটা অসাধারণ হয়েছে বলে দারুণ খুশি ফন গাল। তবে ডাচদের পা মাটিতেই আছে।

“এটা দারুণ শুরু, কিন্তু এখনো আমরা কিছুই পাইনি।”

এই জয়ের কৃতিত্ব পুরো দলকে ভাগ করে দেন ফন গাল। তবে বিশেষভাবে তিনি প্রশংসা করেন আরিয়েন রবেন ও রবিন ফন পের্সির। এই দুই ডাচ ফরোয়ার্ডই করেছেন জোড়া গোল।