২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোষ সবার: দেল বস্ক

দায়িত্ব নেয়ার পর কখনো দলকে এভাবে বিধ্বস্ত হতে দেখেননি স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। শিরোপা ধরে রাখার লড়াইয়ের শুরুটা ভীষণ রকমের হতাশাজনক হলেও ঘুরে দাঁড়াতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:42 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

গত আসরের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডস শুক্রবার মুখোমুখি হয় 'বি' গ্রুপের প্রথম ম্যাচে। সেই ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দেয় নেদারল্যান্ডস।

ডাচদের গোল উৎসব শুরু হয় রবিন ফন পের্সির দুর্দান্ত এক উড়ন্ত হেডে। পরে আরো একটি গোল করেন তিনি। জোড়া গোল আসে আরিয়েন রবেনের পা থেকেও। অপর গোলটি করেন স্টেফান ডা ভ্রুই।

স্পেনের টেলিভিশনকে দেল বস্ক বলেন, "আমরা প্রথমার্ধে ভালো খেলার পর ওরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। ওরা আমাদের ডিফেন্ডারদের ওপর দিয়ে বল পাঠানোয় অনেক জায়গা পেয়েছে।"

ডাচদের শারীরিক সামর্থ্যই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন দেল বস্ক।

সাধারণ দর্শক থেকে শুরু করে ফুটবল পণ্ডিতরাও স্পেনের হারের জন্য সবচেয়ে বেশি দায়ী করছেন গোলরক্ষক ইকার কাসিয়াসকে। রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষও দায় নিজের কাঁধে নিয়েছেন। তবে দায় দলের কারো একার নয় জানান দেল বস্ক।

"এখন কাউকে দোষারোপ করার সময় নয়। দোষ আসলে আমাদের সবার।"

২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নরা ১৯৬৩ সালের পর এই প্রথম কোনো ম্যাচে পাঁচ গোল খেল।

কোনো বিশ্ব চ্যাম্পিয়নের পরের বিশ্বকাপের প্রথম ম্যাচে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ডের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগবেই। তবে এরই মধ্যে সাজঘরে খেলোয়াড়দের সঙ্গে দেল বস্ক কথা বলেছেন। সবকিছু ইতিবাচকই আছে বলে মনে হয়েছে তার।

নেদারল্যান্ডসের কাছে হেরে কাজটা কতটা কঠিন হয়ে গেল জানেন দেল বস্ক। আপাতত তার ভাবনা জুড়ে কেবল চিলি ম্যাচ।

"আমাদের সামনে তাকাতে হবে। পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে।"

আগামী বুধবার রিও দে জেনেইরোয় চিলির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে স্পেন ।