২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানাউসের মাঠের দুরাবস্থা

আমাজন অঞ্চলের মাঝে মানাউসের ‌‘স্তাদিও আমাজোনিয়া’য় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে আগে থেকেই বিরক্ত ইংল্যান্ড। তাদের সেই বিরক্তিটা এবার আরো বাড়বে বলেই মনে হয়। সম্প্রতি মানাউসের প্রধান মাঠকর্মী জানিয়েছেন, মাঠের অবস্থা বিশেষ একটা ভালো নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:10 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

মাঠকর্মী কার্লোস বোতেলা বলেন, “সত্যি বলতে কি, মানাউসের অবস্থা খারাপ। এর রক্ষণাবেক্ষণ করাটা জটিলই ছিল।”

পুরো মাঠ জুড়েই হলুদ ও বাদামি রংয়ের রেখা ফুটে উঠেছে। মাঠের এমন অবস্থার কারণ বোতেলার পরের কথাতেই ফুটে উঠেছে।  

বোতেলা জানান, এখানে কোনো রাস্তা না থাকায় মাঠ রক্ষণাবেক্ষণের সব যন্ত্রাপাতি ও উপকরণ জাহাজের মাধ্যমে আনতে হয়েছিল। কোনো সার ও বীজও ছিল না।

তবে মাঠের অবস্থা যেমনই হোক না কেন, শনিবার এখানেই ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

বিশ্বকাপের সূচি হওয়ার পর থেকেই মানাউসের উচ্চ তাপমাত্রা আর কঠিন আবহাওয়ার কারণে ইংল্যান্ড দলের চিন্তার শেষ নেই। সঙ্গে এবার যোগ হলো মাঠটির ‌খারাপ দশা।

তবে ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েইন রুনি খুব একটা চিন্তিত নন। তার ভাবনা, মাঠের অবস্থা যতই খারাপ হোক, সমস্যা ইংল্যান্ডের মতো ইতালিরও হবে।

এই মাঠে গ্রুপ পর্বের আরো তিনটি ম্যাচ হবে।