২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার ভয়ে কাঁপছে না ক্রোয়েশিয়া

নেইমারের পায়ের ঝলক ব্রাজিলের যেকোনো প্রতিপক্ষের কোচের জন্যই দু:স্বপ্নের কারণ হতে পারে। কিন্তু ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচের দর্শন একটু ভিন্ন। নেইমারের ভয়ে রাতের ঘুম নষ্ট করছেন না তিনি। নেইমারকে নিয়ে তার দল ভয় পাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 02:00 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

পুরনো খবর:

ব্রাজিলের 'হেক্সা' জোয়ারের সামনে ক্রোয়েশিয়া

বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ২০১৪ বিশ্বকাপ।

শুধু এই ম্যাচেই নয়, এই বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের মূল ভরসা নেইমার। ব্রাজিলের এই স্বপ্ন-সারথির প্রতিভা সম্পর্কে কোভাচ ভালোভাবেই জানেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বুধবার ক্রোয়েশিয়া কোচ জানান, ব্রাজিল তারকাকে আটকানোর পরিকল্পনা করতে গিয়ে মোটেই রাতের ঘুম নষ্ট হয়নি তার।

"তাদের (ব্রাজিল)  নিয়ে গবেষণা করার জন্য ৬ মাস সময় ছিল আমার...নেইমারকে রোখার সমাধান পেয়েছি। বিশ্বের সেরা ৩ খেলোয়াড়ের মধ্যে একজন সে, কিন্তু আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই বলে এই নিয়ে আমার ঘুম নষ্ট হচ্ছে না।"

ব্রাজিল আর নেইমারকে আটকানোর একটা পরিকল্পনা নাকি করে রেখেছেন কোভাচ। তবে সেটা যে রক্ষণাত্মক ফুটবল নয়, সেটাও জানান ক্রোয়েশিয়া কোচ।

নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মারিও মানজুকিচকে পাচ্ছেন না কোভাচ। এর পরও তিনি আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়ার কথাই ভাবছেন।

"যত বেশি সম্ভব বল ধরে রাখার চেষ্টা করব আমরা, কিন্তু সম্ভব হলেই সুযোগ তৈরি করব। আমরা রক্ষণে আবদ্ধ হয়ে থাকছি না। আমরা আক্রমণ করব...কারণ ব্রাজিল এত শক্তিশালী দল যে, ওদের বিপক্ষে সাফল্য চাইলে গোল পেতে হবে।"

কোভাচের বিশ্বাস, তার খেলোয়াড়রাও ব্রাজিল আর নেইমারকে অতিরিক্ত ভয় পাবে না। ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিই বরং ক্রোয়েশিয়া দলকে নিয়ে ভেবে ঘুম নষ্ট করেছে বলে মনে করেন তিনি।

Image
ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার অধিনায়ক দারিও সেরনা।

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার অধিনায়ক দারিও সেরনা।

তবে ক্রোয়েশিয়া কোচ যা-ই বলুন, সংবাদ সম্মেলনে তার অধিনায়ক মিডফিল্ডার দারিও সেরনা মজা করে নেইমারকে আটকানো নিয়ে বলেন, "যদি কিছু না-ই করতে পারি, তাহলে ওকে হোটেল কক্ষে তালা মেরে রাখব।"

কে জানে, সেরনার এই রসিকতার মধ্যেই নেইমারকে ভয় পাওয়ার বাস্তবতা লুকিয়ে আছে কিনা!